যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটউইক বিমানবন্দরে আকস্মিক পানি সংকটের কারণে যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রবিবার বিমানবন্দরটির একটি পানি শোধনাগারে বিদ্যুৎ বিভ্রাটের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়, যার প্রভাবে উভয় টার্মিনালের টয়লেটগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে এবং রেস্তোরাঁ ও বারগুলো বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে। পানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এসইএস ওয়াটার’ (SES Water) জানিয়েছে, তাদের ‘বাফ বিচ’ (Bough Beech) পানি শোধনাগারে বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানির চাপে ঘাটতি দেখা দেয়। এর ফলে কেন্ট এবং সাসেক্স কাউন্টির কিছু গ্রাহকের পাশাপাশি বিমানবন্দরটিতেও পানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা দ্রুত পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তারা যাত্রীদের জন্য বোতলজাত পানির ব্যবস্থা করেছে, তবে অনেক যাত্রী এই দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। পল লি নামে বিমানবন্দরের এক যাত্রী বিবিসিকে জানান, তিনি পানি সরবরাহ বন্ধ থাকা বা বোতল বিতরণের বিষয়ে কোনো তথ্য পাননি। তিনি বলেন, “যাদের টয়লেট ব্যবহার করা প্রয়োজন, তাদের জন্য পরিস্থিতিটি খুবই খারাপ। আমি শীঘ্রই বিমানবন্দর ত্যাগ করছি, কিন্তু যারা আরও কয়েক ঘণ্টা এখানে থাকবেন, তাদের জন্য বিষয়টি বেশ কষ্টদায়ক।”
সাবেক সংসদ সদস্য মাইকেল ডুঘার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন যে, রেস্তোরাঁ ও বার বন্ধ থাকায় এবং বসার জায়গার অভাবে যাত্রীরা মেঝেতে বসে থাকতে বাধ্য হচ্ছেন। তিনি বিমানবন্দরের অব্যবহৃত জায়গাগুলো যাত্রীদের বসার জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

