দেশে বিদ্যমান ছয় মাসের পরিবর্তে প্রতি তিন মাস পরপর মুদ্রানীতি ঘোষণার একটি নতুন প্রস্তাব এসেছে সংসদীয় কমিটিতে। সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এনসিপির সংসদ সদস্য ও কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ এই প্রস্তাব উত্থাপন করেন।
বাংলাদেশ ব্যাংক এই প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে এবং এটি কার্যকর করা যেতে পারে বলে মত দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, হাসনাত আবদুল্লাহর প্রস্তাবটি একটি ভালো পরামর্শ এবং এটি গ্রহণ করা উচিত।
কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চিফ হুইপ নূরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির কাঠামো পর্যালোচনা করা হয়। এতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য বর্তমান সুদের হারভিত্তিক মুদ্রানীতি থেকে ধীরে ধীরে মূল্যস্ফীতি-লক্ষ্যভিত্তিক মুদ্রানীতিতে রূপান্তরের বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংক তাদের কার্যক্রম ও মুদ্রানীতির ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়েও বিস্তারিত উপস্থাপনা তুলে ধরে।
একই বৈঠকে ইসলামী ব্যাংকের বিদ্যমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম। তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের ব্যাংকিং খাতের একটি বড় অংশ জুড়ে রয়েছে এবং এখান থেকে এক মাসে দুই হাজার ৪০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তিনি এই পরিস্থিতি রোধে বাংলাদেশ ব্যাংককে 'জিরো টলারেন্স' নীতি অবলম্বনের আহ্বান জানান।
সাইফুল আলম আরও বলেন, বর্তমানে প্রায় ৩০ শতাংশ মানুষ ইসলামী ব্যাংকিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও ৬০ শতাংশ মানুষ এটি করতে আগ্রহী। তিনি নতুন ইসলামী ব্যাংকগুলোকে সহায়তা এবং গত ১০ বছরে শরিয়াহ বোর্ডের দুর্বলতার জায়গাগুলো কাটিয়ে উঠতে বোর্ডকে আরও শক্তিশালী ও ক্ষমতাবান করার ওপর গুরুত্বারোপ করেন।

