ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রশাদ আল-আলিমী আনুষ্ঠানিকভাবে 'ডন অফ ইয়েমেন' বা 'ইয়েমেনের ভোরের আলো' নামক একটি সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় তিনি জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো রাজধানী সানা পুনর্দখল করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনরুদ্ধার করা এবং হুথি মিলিশিয়াদের দীর্ঘদিনের অভ্যুত্থানের অবসান ঘটানো।
আল-আলিমী জানান, ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য সামরিক শাখা এই অভিযানে অংশ নিচ্ছে। এছাড়া দেশটির বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সমর্থনও এই কার্যক্রমে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, জনগণের ইচ্ছা ও সশস্ত্র বাহিনীর সাহসিকতার মাধ্যমে ইয়েমেন স্বাধীনতা, শান্তি ও স্থিতিশীলতার এক নতুন ভোরে প্রবেশ করবে।
সামরিক মুখপাত্র মাজেদ আল-নাজিলি জানান, ইয়েমেনি বাহিনী ইতিমধ্যেই সানার উদ্দেশ্যে একটি 'কৌশলগত আক্রমণ' পরিচালনা শুরু করেছে। এই অভিযানে আধুনিক প্রযুক্তি ও সক্ষমতা ব্যবহার করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
একই সময়ে ইয়েমেনের সরকারি বাহিনী বাবেল মান্দাব প্রণালীসহ বিভিন্ন কৌশলগত এলাকায় হুথিদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। সরকারি বাহিনী ধুবাব জেলা এবং বাবেল মান্দাব প্রণালীর আশপাশের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবস্থান পুনর্দখল করেছে। এর মধ্যে ধুবাব বিমানবন্দর এবং ধুবাব থেকে মোখাগামী সংযোগ সড়কটির নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে সেনাবাহিনী।
এছাড়া সরকারপন্থী 'সাউদার্ন জায়ান্টস ব্রিগেড' বাবেল মান্দাব এলাকায় হুথিদের বিরুদ্ধে একটি 'নির্ধারক' সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ হুথিদের দখলে রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও তাদের মিত্র বাহিনী দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে।

