২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে নিজের পছন্দের ফুটবলারদের নাম প্রকাশ করেছেন বায়ার্ন মিউনিখের কিংবদন্তি টমাস মুলার। এই মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে স্প্যানিশ তরুণ লামিনে ইয়ামাল কিংবা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে বেছে নেননি এই জার্মান তারকা। তার পরিবর্তে তিনি ফ্রান্সের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে এবং মাইকেল ওলিসেকে সমর্থন দিয়েছেন।
চলতি বছরের ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে ইয়ামাল ইতোমধ্যে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন। অন্যদিকে গত মৌসুমে ইউরোপের মাটিতে সবচেয়ে বেশি গোল করা কেইনও এই পুরস্কারের অন্যতম শক্তিশালী প্রতিযোগী। তবে মুলার মনে করেন, বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার জন্য যে জাদুকরী স্পর্শের প্রয়োজন, তা কেবল এমবাপ্পে ও ওলিসের মধ্যেই রয়েছে। ২০১৪ বিশ্বকাপজয়ী এই জার্মান তারকা উল্লেখ করেন, কীভাবে ফরাসি এই জুটি জাতীয় দলের হয়ে দারুণ রসায়ন তৈরি করেছিলেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স চতুর্থ স্থান অর্জন করলেও এমবাপ্পে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এবং ওলিসে টুর্নামেন্টে সর্বোচ্চ ৭টি অ্যাসিস্ট করেছিলেন।
ব্যালন ডি’অর প্রসঙ্গে মুলার বলেন, ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে যে দুজন প্রার্থী আমাকে সবচেয়ে বেশি রোমাঞ্চ জুগিয়েছেন, তারা হলেন মাইকেল ওলিসে এবং বিশ্বকাপে তার আদর্শ সঙ্গী কিলিয়ান এমবাপ্পে। তারা মাঠের নান্দনিকতার পাশাপাশি গোলের সুযোগ তৈরি করেন। অত্যন্ত সহজভাবে নিজেদের দক্ষতা ও শক্তি দিয়ে তারা কার্যকারিতা বজায় রাখেন। মুলারের মতে, এটাই একজন বর্ষসেরা ফুটবলার হওয়ার আসল উপাদান, যার জন্য কেবল কিছুটা জাদুকরী স্পর্শের প্রয়োজন হয়।
আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এদিকে, গত মৌসুমে কোনো ট্রফি না জিতলেও কিলিয়ান এমবাপ্পে নিজে বিশ্বাস করেন যে এবারের ব্যালন ডি’অর তার জেতা উচিত। রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের হয়ে নিজের পারফরম্যান্সের পরিসংখ্যানকে খাটো করে না দেখার আহ্বান জানিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৪২টি গোল করেছেন তিনি।
ব্যালন ডি’অরকে একটি ব্যক্তিগত পুরস্কার হিসেবে উল্লেখ করে এমবাপ্পে বলেন, আমি বিশ্বাস করি এবার আমি এটি জিততে পারি। এটি আমার অন্যতম একটি স্বল্পমেয়াদী লক্ষ্য। মানুষ বলতে পারে আমি কোনো ট্রফি জিতিনি, কিন্তু এটি তো একটি ব্যক্তিগত পুরস্কার। আমি কখনোই ব্যালন ডি’অর বিজয়ীকে সর্বসম্মতভাবে নির্বাচিত হতে দেখিনি। কেউ কি কখনো শতভাগ ভোট পেয়ে জিতেছে? এর মানে সবসময়ই এমন কেউ থাকে যে মনে করে বিজয়ী এই পুরস্কারের যোগ্য নয়।

