স্পেনের আদালত কাতালান বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় এক দশক ধরে নির্বাসনে থাকা এই রাজনীতিবিদ এখন কোনো ধরনের গ্রেপ্তার আতঙ্কে ছাড়াই নিজ দেশে ফিরতে পারবেন।
২০১৭ সালে স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালানিয়ায় একটি ব্যর্থ বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টার নেতৃত্ব দেওয়ার পর পুজদেমন্ত দেশ ছেড়ে বেলজিয়ামে আশ্রয় নিয়েছিলেন। মঙ্গলবার বিচারক পাবলো লিয়ারে এই গ্রেপ্তারি পরোয়ানা তুলে নেওয়ার ঘোষণা দেন।
এর কিছুক্ষণ আগেই স্পেনের সাংবিধানিক আদালত কাতালান বিচ্ছিন্নতাবাদীদের জন্য সরকারের সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি কার্যকর করার সিদ্ধান্ত ঘোষণা করে। এই সুবিধা পুজদেমন্তের এক সহযোগীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে, যিনি সরকারি তহবিল অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
বিচারক লিয়ারে জানিয়েছেন, সাংবিধানিক আদালতের এই সিদ্ধান্তের প্রভাব পুজদেমন্তের ওয়ারেন্টের ওপর পড়বে বলে ধারণা করা হচ্ছে। তাই আদালতের পূর্ণাঙ্গ রায় পর্যালোচনার অপেক্ষায় থেকে তিনি আপাতত এই পরোয়ানা প্রত্যাহার করেছেন।
এদিকে, পুজদেমন্তের দল 'জুন্টস' জানিয়েছে যে, বেলজিয়ামের ওয়াটারলু থেকে তিনি মঙ্গলবারই একটি সংবাদ সম্মেলন করবেন। এতদিন তিনি নিজেকে সেখানে নির্বাসিত নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

