৩৫ বছর বয়সে পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইতালির প্রাক্তন আন্তর্জাতিক স্ট্রাইকার ফাবিও বোরিনি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি রোমা, এসি মিলান, চেলসি, লিভারপুল, সান্ডারল্যান্ড ও সাম্পদোরিয়ার মতো বিখ্যাত ক্লাবের হয়ে মাঠ কাঁপিয়েছেন। বোলোগনা ইয়ুথ একাডেমির এই পণ্য ২০০৭ সালে চেলসিতে যোগ দেওয়ার মাধ্যমে ক্যারিয়ারের বড় মোড় নেন। পরবর্তীতে ২০১১ সালে তিনি ইতালিতে ফিরে আসেন।
রোমার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১২ সালের গ্রীষ্মে ১৩.৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি লিভারপুলে পাড়ি জমান। একই বছর ইতালির জাতীয় দলের হয়ে তার একমাত্র সিনিয়র ম্যাচটি খেলার সুযোগ হয়। এরপর সান্ডারল্যান্ড, এসি মিলান ও হেলাস ভেরোনার মতো ক্লাবে খেলার পর তিনি তুরস্কের ফাতিহ কারাগুমরুক, সেরি বি-তে সাম্পদোরিয়া এবং সবশেষে স্যালফোর্ডে নিজের ক্যারিয়ারের ইতি টানেন। গত ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আজ তিনি আনুষ্ঠানিকভাবে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত জানান।
নিজের অবসরের ঘোষণায় চেলসিকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন বোরিনি। তিনি বলেন, ১৬ বছর বয়সে যখন চেলসিতে যোগ দেওয়ার জন্য প্রথম বিমানে চড়েছিলাম, তখন থেকেই আমার স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। সেই কিশোর বয়সে অজানার উদ্দেশ্যে পাড়ি দিলেও আজ আমি সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পেরেছি। তিনি আরও বলেন, আজ আমার ক্যারিয়ারের সেই বাস্তবতা চিরতরে বদলে যাচ্ছে, যা আমার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে গড়ে দিয়েছে। নতুন এই অধ্যায়ে পা রাখার সময় তিনি ভয়, আনন্দ, সাহস এবং প্যাশনের মতো অনুভূতিগুলোর কথা উল্লেখ করেছেন। ফুটবল থেকে দূরে থাকলেও, মাঠে বল না থাকলেও, একই মানসিক শক্তি নিয়ে তিনি ভবিষ্যতের নতুন সুযোগগুলোর অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন।

