এসএ২০ (SA20) ২০২৭ আসরের মিনি নিলামে ঝড় তুললেন ১৮ বছর বয়সী অলরাউন্ডার জেসন রাউলস। বুধবারের এই নিলামে তীব্র লড়াইয়ের পর ২.৯ মিলিয়ন র্যান্ডের রেকর্ড মূল্যে তাকে দলে ভিড়িয়েছে জোবার্গ সুপার কিংস (জেএসকে)। এছাড়া কাইরন পোলার্ডকে নিজেদের করে নিয়েছে জেএসকে, আর ট্রেন্ট বোল্ট ও শিমরন হেটমায়ারকে দলে টেনেছে এমআই কেপ টাউন (এমআইসিটি)।
নিলামের সবচেয়ে বড় চমক জেসন রাউলসকে পেতে জেএসকে ও এমআইসিটির মধ্যে তীব্র লড়াই চলে। বাঁহাতি এই ব্যাটার ও বাঁহাতি স্পিনারকে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের উদীয়মান তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তিনি চলতি বছরের শুরুতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ২৮০ রান করেছিলেন, যেখানে তার গড় ছিল ৭০ এবং স্ট্রাইক রেট ১১২। এছাড়া গত জুলাইয়ে হোভে অনুষ্ঠিত যুব টেস্টে তিনি দ্বিশতক হাঁকান।
জেসন রাউলসের এই উত্থান নিয়ে এসএ২০ লিগ কমিশনার গ্রায়েম স্মিথ উচ্ছ্বাস প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, "জেসন রাউলস আজ আমার জন্য দিনের সেরা আকর্ষণ ছিলেন। ১৮ বছর বয়সী একজন ক্রিকেটারকে নিয়ে দিনের সবচেয়ে বড় দর কষাকষির যুদ্ধ দেখে বোঝা যায় ফ্র্যাঞ্চাইজিগুলো পরবর্তী প্রজন্মের ওপর কতটা আস্থা রাখছে। গত বছরও সে স্কুল পর্যায়ের এসএ২০ ফাইনাল খেলছিল, আর আজ সে বিশ্বের সেরা টি-টোয়েন্টি তারকাদের সাথে ড্রেসিংরুম ভাগ করবে। আমরা এই পথটাই তৈরি করতে চেয়েছিলাম এবং এটি সফল হতে দেখে খুবই ভালো লাগছে।"
এর আগে ফাফ ডু প্লেসিকে ছেড়ে দিলেও, তাকে আবার ২.৭ মিলিয়ন র্যান্ডে ফিরিয়ে এনেছে জোবার্গ সুপার কিংস। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার কাইরন পোলার্ডকে ১.৫ মিলিয়ন র্যান্ডে দলে নিয়েছে তারা, যেখানে এমআইসিটির পক্ষ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতাই আসেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে জস বাটলারের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫,০০০ রান থেকে মাত্র ১ রান দূরে থাকা পোলার্ড জেএসকের মধ্যম সারির ব্যাটিংকে আরও শক্তিশালী করবেন। এই দলে আইপিএলের অভিজ্ঞতা সম্পন্ন ডনোভান ফেরেরা ও ডিয়ান ফরেস্টারও রয়েছেন।
অন্যদিকে, এমআই কেপ টাউন পোলার্ডের জন্য অপেক্ষা না করে প্রথম ডাকেই ১.৫ মিলিয়ন র্যান্ডে শিমরন হেটমায়ারকে ফিনিশার হিসেবে দলে নেয়। আইপিএল, এমএলসি, এসএ২০, আইএলটি২০ এবং দ্য হান্ড্রেডে তাদের হয়ে খেলা নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টকেও ১.৫ মিলিয়ন র্যান্ডে ফিরিয়ে এনেছে এমআইসিটি। এছাড়া অলরাউন্ডার উইয়ান মুল্ডারকে পেতে জেএসকে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ২.৬ মিলিয়ন র্যান্ডে তাকে দলে ভেড়ায় কেপ টাউন।
জেএসকে তাদের দলে আরও যুক্ত করেছে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার অ্যান্ড্রিজ গাউস, জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানি এবং স্থানীয় অলরাউন্ডার ডায়ান গালিয়েমকে। এছাড়া জেমি ওভারটনকে ওয়াইল্ডকার্ড হিসেবে ঘোষণা করেছে তারা। বর্তমান চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ তাদের পেস আক্রমণ শক্তিশালী করতে দলে নিয়েছে পাওয়ারপ্লে স্পেশালিস্ট ক্রেইগ ওভারটন ও বাঁহাতি পেসার নান্দ্রে বার্গারকে। বার্গার এই দলে নতুন হলেও ক্রেইগ ওভারটন এর আগে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন। মার্কো জানসেন, অ্যাডাম মিলনে, আনরিখ নরকিয়া ও লুথো সিপামলার সাথে মিলে তারা এক বিধ্বংসী পেস আক্রমণ গড়ে তুলবেন।
প্রিটোরিয়া ক্যাপিটালস মার্কি সেট থেকে অবিক্রীত থাকা রাসি ফন ডার ডুসেনকে ৫০০,০০০ র্যান্ডে দলে নিয়েছে। নিলামের একেবারে শেষ ডাকে তেম্বা বাভুমাকে ২০০,০০০ র্যান্ডে দলে ভেড়ায় ক্যাপিটালস। এছাড়া নমিনেশন রাউন্ড থেকে তারা ওয়েস্ট ইন্ডিজের কিমো পল ও আকিম অগাস্টকে দলে নেয়। এদিকে, নিলামের আগেই স্কোয়াড পূর্ণ থাকায় পার্ল রয়্যালস এবং ডারবানের সুপার জায়ান্টস বুধবারের এই নিলামে অংশ নেয়নি।
আগামী ১৭ জানুয়ারি, ২০২৭ তারিখে জিকেবেরহায় (Gqeberha) শুরু হবে এসএ২০-এর পঞ্চম আসর। সেন্ট জর্জ পার্কে উদ্বোধনী ম্যাচে গত আসরের ফাইনালিস্ট সানরাইজার্স ইস্টার্ন কেপ ও প্রিটোরিয়া ক্যাপিটালস মুখোমুখি হবে। কেপ টাউনে ২১ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

