দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলীয় শহর ডারবানে একটি বিক্ষোভ মিছিল চলাকালে এক বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে প্রায় ৫০ জনের একটি দল। বৃহস্পতিবার পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। আফ্রিকার সবচেয়ে উন্নত অর্থনীতির এই দেশটিতে সাম্প্রতিক সময়ে অভিবাসীবিরোধী উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
পুলিশের ভাষ্যমতে, ডারবানের সিটি সেন্টারে মিছিলটি চলার সময় ওই বিদেশি নাগরিক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দল তার কাছে গিয়ে তাকে ঘিরে ফেলে এবং মারধর শুরু করে।
দক্ষিণ আফ্রিকায় গত কয়েক মাস ধরেই অভিবাসন নিয়ে তীব্র অস্থিরতা চলছে। দেশটিতে অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে সরকারি পদক্ষেপের দাবিতে আয়োজিত মিছিলগুলো প্রায়ই সহিংসতায় রূপ নিচ্ছে। আফ্রিকার বৃহত্তম অর্থনীতি হওয়ায় দক্ষিণ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে অভিবাসীদের আকৃষ্ট করে। তবে দেশটিতে চরম বেকারত্ব এবং সরকারি সেবার ওপর অতিরিক্ত চাপের কারণে স্থানীয়দের মধ্যে অভিবাসীদের নিয়ে এই উত্তেজনা তৈরি হয়েছে।
সহিংসতার হুমকির মুখে গত কয়েক মাসে হাজার হাজার অভিবাসী দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে গেছেন, যা সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় গণ-প্রস্থান। যদিও সরকার জানিয়েছে, অনেক অভিবাসীকে বৈধ নথিপত্র না থাকার কারণে নির্বাসন দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ৬২ মিলিয়ন জনসংখ্যার মধ্যে প্রায় ২.৪ মিলিয়ন বিদেশি নাগরিক রয়েছেন, তবে বিক্ষোভকারীদের দাবি, দেশটিতে আরও অনেক অনিবন্ধিত অভিবাসী রয়েছেন যাদের কোনো সরকারি হিসাব নেই।
প্রায় ৪০ লাখ মানুষের শহর ডারবান বর্তমানে অভিবাসীবিরোধী উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু। চলতি বছরের জুনে মালওয়ি থেকে আসা হাজার হাজার অভিবাসী নিজ দেশে ফিরে যাওয়ার আশায় শহরের একটি পার্কে আশ্রয় নিয়েছিলেন। তারা অভিযোগ করেছিলেন যে, একটি বিক্ষোভকারী গোষ্ঠী ৩০ জুনের মধ্যে অবৈধ অভিবাসীদের দেশ ছাড়ার হুমকি দেওয়ার পর তারা সহিংসতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সে সময় অভিবাসীদের সংখ্যা এত দ্রুত বৃদ্ধি পেয়েছিল যে কর্তৃপক্ষকে তাদের জন্য নতুন অস্থায়ী আবাসন কেন্দ্র তৈরি করতে হয়েছিল।
চলতি মাসে জোহানেসবার্গের সোয়েতো টাউনশিপেও সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে আদালতের এক রায়ের পর বিদেশি নাগরিকদের জন্য আশ্রয় প্রার্থনা সহজতর হলে সরকারি ভবনে আবেদনকারীদের ভিড় বাড়ে, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর জেরে ওই এলাকায় গাড়ি জ্বালিয়ে দেওয়া এবং দোকানপাটে লুটপাটের ঘটনা ঘটে।

