বরিশালের বানারীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে কাজ করার সময় অক্সিজেনের অভাবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। দুপুরের দিকে কাজ করার একপর্যায়ে অক্সিজেনের অভাবে ট্যাংকের ভেতরেই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ দুই শ্রমিককে উদ্ধার করেন। এরপর তাঁদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

