যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত একটি নতুন জাতীয় জরিপে দেশজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক মেরুকরণ ও গভীর দলীয় অবিশ্বাসের চিত্র উঠে এসেছে। গ্যালাপ ও অলাভজনক সংস্থা 'উইথ অনার'-এর যৌথ পরিচালনায় চালানো এই জরিপে দেখা গেছে, বর্তমান মার্কিন সমাজের জন্য প্রয়োজনীয় প্রধান মূল্যবোধ বেছে নেওয়ার ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সমর্থকদের দৃষ্টিভঙ্গিতে চরম বৈপরীত্য রয়েছে।
জরিপের ফলাফল অনুযায়ী, রিপাবলিকান সমর্থকরা যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় মূল্যবোধ হিসেবে 'দেশপ্রেম'-কে শীর্ষ স্থান দিয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাটদের কাছে ১২টি মূল্যবোধের তালিকার একেবারে শেষ স্থানটি পেয়েছে এই দেশপ্রেম। বিপরীতভাবে, ডেমোক্র্যাট সমর্থকরা 'সমতা'-কে দেশের সবচেয়ে প্রয়োজনীয় মূল্যবোধ বলে চিহ্নিত করেছেন, যেখানে রিপাবলিকানদের তালিকায় এর অবস্থান নিচ থেকে দ্বিতীয়। ২৬ অক্টোবর ইউএসএ টুডেকে গ্যালাপ ও উইথ অনার জরিপটির ফলাফল প্রকাশ করে।
মার্কিন জনগণের একটি বড় অংশের মধ্যে মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলো অন্য দলের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়ে চরম সংশয় দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ বা প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকান মনে করেন, রাজনৈতিক বা সামাজিক পটভূমি যাই হোক না কেন, অন্তত একটি মূল্যবোধ সবাই ধারণ করেন। তবে সেই মূল্যবোধটি ঠিক কোনটি, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো ঐক্যমত নেই। অংশগ্রহণকারীদের মধ্যে সর্বাধিক ৩৮ শতাংশ মানুষ 'স্বাধীনতা'-কে যৌথ মূল্যবোধ হিসেবে উল্লেখ করেছেন, আর সবচেয়ে কম ১০ শতাংশ বেছে নিয়েছেন 'বিনম্রতা'-কে। পাশাপাশি, প্রায় ২৪ শতাংশ বা চারজনের মধ্যে একজন মার্কিন নাগরিক স্পষ্ট জানিয়েছেন যে দলীয় বিভাজন পেরিয়ে আমেরিকার মানুষের মধ্যে সাধারণ কোনো মূল্যবোধই অবশিষ্ট নেই।
রাজনৈতিক এই সংঘাত কেবল মতাদর্শের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং অপর পক্ষকে 'শত্রু' ভাবার মানসিকতা দিন দিন জাঁকিয়ে বসছে। 'উইথ অনার'-এর সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা রাই বারকট জানান, অনেক রিপাবলিকান ও ডেমোক্র্যাট এখন অপর পক্ষকে কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নয়, শত্রু মনে করেন। তিনি বলেন, এই অবস্থান থেকে পারস্পরিক ট্রাস্ট বা আস্থা তৈরি করা অত্যন্ত কঠিন। সামরিক বাহিনীর এই সাবেক মেরিন সদস্য এবং জুন মাসে প্রকাশিত 'কারেজ ক্যান সেভ আস' বইয়ের লেখক বলেন, বিশেষ করে জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দ্বিপক্ষীয় আস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে, কারণ বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কাজ করার জন্য খুব একটা উৎসাহ থাকে না।
বিগত এক দশকে অপর পক্ষকে মৌলিক নীতিহীন এমনকি গণতন্ত্রের জন্য হুমকি মনে করার ঝোঁক আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারির মার্কিন ক্যাপিটল ভবনে হামলা, নির্বাচনের বৈধতা নিয়ে বিতর্ক এবং সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের ফলে একে অপরের প্রতি আমেরিকানদের ভালো নিয়তের ধারণায় বড় ধরনের ধস নেমেছে। পিউ রিসার্চ সেন্টারের তথ্যানুসারে, ২০১৬ সালে ৪৭ শতাংশ রিপাবলিকান ডেমোক্র্যাটদের 'অন্যান্য আমেরিকানদের চেয়ে বেশি অনৈতিক' মনে করতেন, ২০২২ সালে সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৭২ শতাংশে। একই সময়ে রিপাবলিকানদের প্রতি ডেমোক্র্যাটদের এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি ৩৫ শতাংশ থেকে বেড়ে ৬৩ শতাংশে উন্নীত হয়েছে।
বয়সভিত্তিক বিশ্লেষণেও এই দৃষ্টিভঙ্গির তফাত স্পষ্ট ধরা পড়েছে। ৪০ বছর বা তার বেশি বয়সের আমেরিকানদের মধ্যে ২৮ শতাংশ মনে করেন যে অধিকাংশ মানুষের মধ্যে কোনো সাধারণ মূল্যবোধ নেই, যা তরুণদের তুলনায় অনেক বেশি হতাশাবাদী। ৪০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে মাত্র ১৮ শতাংশ আমেরিকান সব মূল্যবোধ হারিয়ে গেছে বলে মনে করেন। এছাড়া, ৬৫ বছর বা তার বেশি বয়সী 'বেবি বুমার' প্রজন্মের ৩৩ শতাংশ মানুষ 'দয়া' বা সহানুভূতির গুলাকে একটি সার্বজনীন মূল্যবোধ মনে করেন, কিন্তু জেন জি ও মিলেনিয়ালদের সমন্বয়ে গঠিত ৪০ বছরের কম বয়সীদের মধ্যে মাত্র ২১ শতাংশ এই বিষয়ে একমত প্রকাশ করেছেন।
গ্যালাপের অনলাইন প্যানেলে থাকা ৩,১৯৯ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের ওপর গত ১২ থেকে ২২ মে পর্যন্ত এই জরিপটি চালানো হয়। এতে মার্জিন অব এরর বা ভুলের সম্ভাব্য মাত্রা ধরা হয়েছে ধনাত্মক বা ঋণাত্মক ২.১ শতাংশ পয়েন্ট। জরিপের যৌথ আয়োজক অলাভজনক দল 'উইথ অনার' মূলত নির্বাচিত পদে সামরিক প্রবীণদের (ভেটেরান) মনোনয়ন সমর্থন করে এবং মার্কিন কংগ্রেসে দ্বিপক্ষীয় সহযোগিতা উৎসাহিত করতে কাজ করে।

