চট্টগ্রাম নগরের বন্দর এলাকায় প্রাণনাশের হুমকি ও পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে আদালতে সাধারণ ডায়েরি করেছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মামুন আলী। আদালত আবেদনটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মেট্রোকে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, মো. মামুন আলী প্রকাশ কিং আলী (৪৮) গত ২ নভেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মোহাম্মদ মোস্তফার আদালতে ফৌজদারি কার্যবিধির ৪৪ ধারার বিধানমতে প্রতিকার চেয়ে এই আবেদন করেন। বিষয়টি ৫ নভেম্বর বিকালে প্রকাশ্যে আসে। অভিযোগে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম ও স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দিনসহ মোট ৮ জনকে প্রতিপক্ষ করা হয়েছে।
মামুন আলীর অভিযোগ, বন্দর থানাধীন মধ্য হালিশহর মৌজার বিএস ৩৭০ নম্বর খতিয়ানের বিএস ৭৯০০ দাগে ৭.৭৫ শতক জমি নিয়ে প্রতিপক্ষ মহিউদ্দিনের সঙ্গে তার বিরোধ রয়েছে। এ বিষয়ে যুগ্ম জেলা জজ আদালতে স্বত্ব সাব্যস্ত ও দখল স্থিতাবস্থার দেওয়ানি মামলা এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে। অভিযোগকারীর দাবি, বিচারাধীন বিষয় উপেক্ষা করে প্রতিপক্ষরা জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২০ অক্টোবর তার নানার বাড়িতে গেলে তাকে খুন ও ডাকাতিসহ বড় মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দেওয়া হয়।
বাদীর অভিযোগ, বন্দর থানার ওসির যোগসাজশে দখলদাররা বেপরোয়া হয়ে উঠেছে এবং বারবার থানায় জানিয়েও কোনো প্রতিকার পাননি। তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করায় পুলিশ তার ওপর ক্ষুব্ধ। এ বিষয়ে বন্দর থানার ওসি আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুর রহমান জানান, পিবিআই তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সাধারণ ডায়েরিটি নিয়মিত মামলায় রূপান্তরিত হবে।

