আমস্টারডামে মাইক্রোসফটের ডাটা সেন্টারে পরিবেশবাদীদের হানা, ইউরোপজুড়ে বিক্ষোভ

নেদারল্যান্ডসের আমস্টারডামে একটি নতুন মাইক্রোসফট ডাটা সেন্টার নির্মাণস্থলে জোরপূর্বক প্রবেশ করে বিক্ষোভ দেখিয়েছেন পরিবেশবাদীরা। শুক্রবারের এই ঘটনায় কয়েকজন আন্দোলনকারী নির্মাণ ক্রেনে উঠে পড়েন এবং ফ্লেয়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। একই সঙ্গে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের সঙ্গেও বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ইউরোপজুড়ে ডাটা সেন্টারের অনিয়ন্ত্রিত প্রসারের বিরুদ্ধে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটল।

বিক্ষোভকারী গোষ্ঠী 'গেফ টেগেনগাস' (যার অর্থ 'পিছু ঠেলা' বা 'বাধা দেওয়া')-এর প্রতিনিধি ন্যাথান টিমার স্থানীয় সম্প্রচারমাধ্যম এটি৫-কে জানান, নির্মাণকাজ পুরোপুরি বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই তারা সাইটটি দখল করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা চাই না এটি নির্মিত হোক, কারণ কারো এটির কোনো প্রয়োজন নেই। এটি কেবল এআই স্লপ, এআই যুদ্ধকৌশল, তথ্য নজরদারি এবং গণহত্যা পরিচালনার কাজেই ব্যবহার করা হবে। নির্মাণ কাজ স্থগিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।”

ডাচ রাজধানীতে আয়োজিত এই বিক্ষোভে ফিলিস্তিনপন্থি অধিকারকর্মীরাও একাত্মতা প্রকাশ করে যোগ দেন। বিকেলের শেষের দিকে পুলিশ নির্মাণস্থল থেকে আন্দোলনকারীদের বের করে দিতে শুরু করে, তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তখনও বেশ কিছু বিক্ষোভকারী সেখানে অবস্থান করছিলেন। সার্বিক পরিস্থিতি নিয়ে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট জানিয়েছে, তারা আমস্টারডামের এই বিক্ষোভের বিষয়টি জানে। প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “আমরা বুঝতে পারি যে এই প্রকল্প নিয়ে মানুষের জোরালো মতামত রয়েছে এবং শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারকে আমরা শ্রদ্ধা করি। তবে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে এমন আচরণ আমরা সমর্থন করি না।”

ডাটা সেন্টারের বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে বৈশ্বিক উদ্বেগের মাঝেই এই প্রতিবাদের ঢেউ সামনে এলো। সম্প্রতি মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থীরাও বিশাল ডাটা সেন্টারগুলোর ওপর কড়াকড়ি আরোপের প্রতিশ্রুতি দিয়েছেন। পরিবেশগত ও সামাজিক প্রভাব বিবেচনায় বড় ধরনের প্রকল্পগুলোর ওপর স্থগিতাদেশের দাবিতে 'স্টপ ডার্টি ডাটা সেন্টার্স' প্ল্যাটফর্মের অধীনে শুক্রবার ও শনিবার ইউরোপের ১৫টি দেশে একযোগে প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে আয়ারল্যান্ড, পোল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স এবং যুক্তরাজ্য।

আন্দোলনের আয়োজক সংস্থা StopDirtyDataCentres.eu-এর সমন্বয়ক ওয়েন এসপলি মন্তব্য করেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রচারণামূলক অবস্থান এবং সাধারণ মানুষের বাস্তব চাহিদার মধ্যে এক বিশাল ফারাক তৈরি হয়েছে।” জার্মানির বার্লিনের উপকণ্ঠে একটি ডাটা সেন্টারের সামনেও শুক্রবার জনা বারো বিক্ষোভকারী সমাবেশ করেন। বিক্ষোভকারীদের মুখপাত্র কারিন ওয়েবার বলেন, “পরিবেশগত পরিণতি তোয়াক্কা না করে জার্মানিজুড়ে অন্ধের মতো ডাটা সেন্টার নির্মাণ বন্ধ করতে হবে। এটি আমাদের ভবিষ্যতের জন্য চরম বিপজ্জনক।”

একইভাবে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-র কাছাকাছি এলাকায় নতুন ডাটা সেন্টার স্থাপনের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের সামনে প্রায় ১০০ জন মানুষ অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। অন্যদিকে ইতালির উত্তরাঞ্চলীয় লম্বার্ডি অঞ্চলে এ ধরনের ডিজিটাল অবকাঠামো বৃদ্ধির বিরুদ্ধে তীব্র নাগরিক অসন্তোষ দেখা দিয়েছে। আন্দোলনকারীদের মূল অভিযোগ, ক্লাউড কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এসব অবকাঠামোর দ্রুত প্রসার জনমত কিংবা পরিবেশগত পর্যালোচনার তোয়াক্কাই করছে না।

ইতালিতে এই প্রতিবাদ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করে গত ১০ অক্টোবর, যখন মিলানের পিয়াত্সা দেল্লা স্কালায় প্রায় ১,০০০ মানুষ এবং ৪০টিরও বেশি স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা একত্রিত হন। আয়োজকদের মতে, এটিই ছিল ডাটা সেন্টারের বিরুদ্ধে ইতালির প্রথম জাতীয় বিক্ষোভ। সমাবেশ থেকে নতুন ডাটা সেন্টার নির্মাণে জাতীয় স্থগিতাদেশ এবং একটি সুনির্দিষ্ট সরকারি নীতিমালা প্রণয়নের জোরালো দাবি জানানো হয়।

উল্লেখ্য, বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি (PwC)-এর ‘গ্লোবাল ডাটা সেন্টার আউটলুক ২০২৬–৫০’ শীর্ষক রিপোর্ট অনুযায়ী, ২০২৬ থেকে ২০৫০ সালের মধ্যে ইউরোপে ডাটা সেন্টার খাতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা পুঁজিবাজারি বিনিয়োগ হতে পারে প্রায় ৫.৬ ট্রিলিয়ন ডলার, যা বৈশ্বিক মোট বিনিয়োগের ১৮ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে এই খাতে ১৫.১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শিরোনাম :
শ্রীলঙ্কা সিরিজের আগে পাকিস্তান টেস্ট দলে বড় রদবদল, বাদ ওসমান ও ফজল সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়গুলো বদলানোর আশা বিচারপতি সোটোমায়োরের ‘সবসময় মনে হতো এরপর ওকেও মেরে ফেলা হবে’ পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ছয় সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক সূর্যবংশী মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে বড় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলে নতুন সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তি চেয়ে বিক্ষোভ ক্ষেপণাস্ত্রের ২,০০০ কিলোমিটার পাল্লার সীমা তুলে নিল ইরান কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু, আহত স্বামী হংকং ওপেনের ফাইনালে আলেক্স ইয়ালা, ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ে পেছনে ফেললেন নাওমি ওসাকাকে শ্রীলঙ্কা সিরিজের আগে পাকিস্তান টেস্ট দলে বড় রদবদল, বাদ ওসমান ও ফজল সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়গুলো বদলানোর আশা বিচারপতি সোটোমায়োরের ‘সবসময় মনে হতো এরপর ওকেও মেরে ফেলা হবে’ পোল্যান্ডের ক্রাকোতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ছয় সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বিহারের অধিনায়ক সূর্যবংশী মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসে বড় রদবদলের ইঙ্গিত ট্রাম্পের ইসরায়েলে নতুন সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তি চেয়ে বিক্ষোভ ক্ষেপণাস্ত্রের ২,০০০ কিলোমিটার পাল্লার সীমা তুলে নিল ইরান কুয়াকাটায় ইজিবাইক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু, আহত স্বামী হংকং ওপেনের ফাইনালে আলেক্স ইয়ালা, ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ে পেছনে ফেললেন নাওমি ওসাকাকে