ডাব্লিউডাব্লিউই-এর ব্যস্ত ভ্রমণ সময়সূচির কারণে প্রতিশ্রুতি দিয়েও মেক্সিকোর জনপ্রিয় রেসলিং প্রমোশন ট্রিপল এ (AAA)-এর ২টি নির্ধারিত শোতে অংশ নিতে পারেননি তারকা রেসলার ডেমিয়ান প্রিস্ট। বিজ্ঞাপন প্রচারের পরও ইভেন্টগুলোতে উপস্থিত হতে না পারায় নিজের অসন্তোষের কথা জানিয়েছেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে দুই পক্ষের আলোচনার পর আপাতত তাঁর ট্রিপল এ উপস্থিতি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পডকাস্ট 'কমপ্লেক্স গ্র্যাপস'-এ উপস্থিত হয়ে ডেমিয়ান প্রিস্ট জানান, ট্রিপল এ মেগা টাইটেল জেতাসহ সেখানে তাঁর অনেক কিছু করার প্রবল ইচ্ছা ছিল। তবে ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউনের নিয়মিত সূচির কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি স্পষ্ট করেন, শুক্রবার রাতে স্ম্যাকডাউনের পর শনিবারের মধ্যে মেক্সিকো পৌঁছানো অত্যন্ত কঠিন। ২টি শোতে তাঁর উপস্থিতি প্রচার করা সত্ত্বেও ভ্রমণ জটিলতায় তিনি যেতে পারেননি, যা তাঁর নিজের ভাবমূর্তি ও প্রমোশনের সুনাম নষ্ট করেছে বলে তিনি স্বীকার করেন।
ইভেন্টগুলোতে অনুপস্থিত থাকার পর ট্রিপল এ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন প্রিস্ট। তিনি জানান, ডাব্লিউডাব্লিউই-তে আসার পর থেকে তিনি কখনোই দীর্ঘ বিরতি পাননি। তবে ভবিষ্যতে স্ম্যাকডাউন থেকে কোনো সময় সুযোগ বা বিরতি পেলে ট্রিপল এ-তে কয়েক মাস সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি। অর্থাৎ তাৎক্ষণিকভাবে সম্ভব না হলেও ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউই থেকে বিরতি মিললে মেক্সিকান এই প্রমোশনে তাঁকে আবারও রিংয়ে দেখা যেতে পারে।

