ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে যে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি তদন্ত পরিচালনার সময় দুই ফরাসি কূটনীতিককে আটক করা হয়েছিল। মন্ত্রণালয় জানায়, বিদেশি প্রভাব ও হস্তক্ষেপের অভিযোগে দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের জন্য বিচারিক আদেশ পালন করার সময় তাদের গোয়েন্দা ইউনিটের সদস্যরা ওই কূটনীতিকদের মুখোমুখি হন।
কূটনীতিকদের পরিচয় নিশ্চিত করার পর, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়। এরপর কূটনৈতিক পুলিশি পাহারায় তাদের ইরানের ফরাসি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়।
গোয়েন্দা মন্ত্রণালয়ের দাবি, ঘটনাস্থল থেকে জব্দ করা বিভিন্ন নথি ও উপকরণ প্রাথমিক পরীক্ষায় একটি বড় ধরনের প্রকল্পের ইঙ্গিত মিলেছে। এই প্রকল্পের লক্ষ্য ছিল ইরানের স্বাধীনতাকে লক্ষ্যবস্তু করে বিদেশি হস্তক্ষেপ চালানো এবং অস্থিরতা তৈরির পরিস্থিতি সৃষ্টি করা। জব্দকৃত কিছু নথিতে ইরানের সাবেক ফরাসি রাষ্ট্রদূতের স্বাক্ষর পাওয়া গেছে বলেও মন্ত্রণালয় দাবি করেছে।
মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, তারা কোনোভাবেই কূটনৈতিক মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিদের অবৈধ ও হস্তক্ষেপমূলক কর্মকাণ্ডে লিপ্ত হতে দেবে না। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, কূটনীতিকদের এই হস্তক্ষেপের জন্য ফরাসি সরকারকে দায়বদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তবে ইরানের এই দাবির বিষয়ে প্যারিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

