তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার অপারেশন ইউফ্রেটিস শিল্ডের ১০ বছর পূর্তি উদযাপন করেছে। এই বিশেষ দিনে দেশটির সীমান্ত পেরিয়ে চালানো সন্ত্রাসবাদ বিরোধী এই সামরিক অভিযানের শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এনসোসাল-এ দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, অপারেশন ইউফ্রেটিস শিল্ডের মাধ্যমে তুরস্ক তার বীর সেনাবাহিনীর শক্তি সারা বিশ্বের কাছে তুলে ধরেছে। তিনি আরও বলেন, এই অভিযানের মধ্য দিয়ে বন্ধু ও শত্রু সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তুরস্ক তার অঞ্চলে কোনো ধরনের সন্ত্রাসবাদ, সংঘাত বা অস্থিরতা সহ্য করবে না। তিনি দেশের প্রিয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং বীর যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আলাদা একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, সিরিয়ায় বিশেষ করে দায়েশসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে চালানো এই অভিযানের ১০ বছর পূর্তিতে তুরস্কের সশস্ত্র বাহিনীকে গর্বের সাথে স্যালুট জানানো হচ্ছে। মন্ত্রণালয় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং বীর যোদ্ধাদের সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করেছে।

