দক্ষিণ সুদানের জংলেই রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর এক অতর্কিত হামলায় ইথিওপিয়ার দুইজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। স্থানীয় পর্যায়ে নিরাপত্তাহীনতা দূর করার লক্ষ্যে নিয়মিত টহল দেওয়ার সময় সশস্ত্র বন্দুকধারীরা শান্তিরক্ষীদের এই ইউনিটটির ওপর হামলা চালায়।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ডুজারিক আরও জানান, হামলায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী, দুইজন দক্ষিণ সুদানের পুলিশ কর্মকর্তা এবং দুইজন বেসামরিক কর্মী রয়েছেন।
হামলার দায় সরাসরি নির্দিষ্ট না করলেও জাতিসংঘ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী শান্তিরক্ষীদের উদ্দেশ্যমূলকভাবেই লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘটনার পর জাতিসংঘ মিশন এলাকায় দ্রুত প্রতিক্রিয়া বাহিনী (কুইক রিঅ্যাকশন ফোর্স) মোতায়েন করেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং জরুরি সহায়তা প্রদান করা যায়।
আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘের কর্মীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জোর দিয়ে উল্লেখ করেছেন ডুজারিক। তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত 'বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ডে' মোট নয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (আনমিস) প্রধান অনিতা কিকি গবেহো এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত কর্মীদের ওপর এ ধরনের প্রাণঘাতী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

