চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পচা-বাসি খাবার রাখা এবং অপরিচ্ছন্নতার দায়ে তিনটি খাবার হোটেল ও একটি বেকারিকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলার জলিলনগর থেকে মুন্সিরঘাটা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাউজানের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।
প্রশাসনিক এই অভিযানে জলিলনগরের আজমীর হোটেলকে ১ লাখ টাকা, আল আকসা বেকারিকে ১ লাখ টাকা, আপনবাড়ি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা এবং গাউছিয়া হোটেলকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিরাপদ খাদ্য আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা আদায় করা হয়েছে বলে জানান ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম।
একই অভিযানে মাদকসেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ড দেওয়া হয়েছে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় তাদের ১ হাজার টাকা জরিমানা এবং পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও এস. এম. রাহাতুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের প্রশাসনিক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

