ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন যে, দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আলজাজিরার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই বলেন, আমেরিকানরা মূলত শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই রণতরীটিকে এই অঞ্চলে পাঠিয়েছিল।
ইরানি মুখপাত্রের ভাষ্যমতে, টানা কয়েক মাসের যুদ্ধ পরিস্থিতি এবং ২০০ দিনেরও বেশি সময় কোনো বন্দরে নোঙর না করার পর রণতরীটি এখন নাবিকদের বিশ্রাম ও বিনোদনের জন্য থাইল্যান্ডের দিকে যাত্রা করেছে। থাই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে দীর্ঘ সামরিক মিশন শেষে রণতরীটি আগামী সপ্তাহে থাইল্যান্ডে সংক্ষিপ্ত বিরতি নেবে। টানা ২৫০ দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থানের পর জাহাজটি সেখানে নোঙর করবে। থাই প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরের মূল লক্ষ্য নাবিকদের বিশ্রাম ও শারীরিক-মানসিক পুনরুদ্ধার। এই সময়ে থাই নৌবাহিনীর সঙ্গে কোনো যৌথ সামরিক মহড়া বা অভিযান পরিচালিত হবে না।
এদিকে, রণতরীটির প্রায় ৫ হাজার নাবিক ও মেরিনের দীর্ঘ সময়ের এই মোতায়েন তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। নাবিকদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ সমুদ্রযাত্রায় নাবিকদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটার পাশাপাশি ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী ও খাবারের ঘাটতিও দেখা দিয়েছে।

