যুক্তরাজ্যের প্লাইমাউথ বন্দরের অদূরে একটি ফরাসি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন। রবিবার ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ‘মারনেলো’ নামের ওই ট্রলারটি ডুবে যাওয়ার আগে অন্য একটি ট্রলারের সহায়তায় তিন ক্রুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুই নাবিকের কোনো সন্ধান মেলেনি।
ঘটনার বিবরণ দিয়ে আটলান্টিক অঞ্চলের ফরাসি নৌ প্রিফেকচার জানিয়েছে, শনিবার ‘মারনেলো’ ট্রলারটি তাদের মাছ ধরার যন্ত্রপাতিতে সমস্যা দেখা দেওয়ার কথা জানিয়ে ‘স্ট্রাডালে’ নামের আরেকটি ট্রলারের সাথে যোগাযোগ করে। মারনেলো সম্পূর্ণ ডুবে যাওয়ার আগেই স্ট্রাডালে ট্রলারটি সেটির পাঁচজন ক্রুর মধ্যে তিনজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ব্যাপক উদ্ধার অভিযান চালানো সত্ত্বেও বাকি দুই নাবিক এখনও নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনার শিকার ট্রলার দুটি প্লাইমাউথ বন্দর থেকে প্রায় ২৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল, যা যুক্তরাজ্যের সমুদ্রসীমার মধ্যে পড়ে। ফরাসি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাজ্যের ফালমাউথ মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি)।
উদ্ধার হওয়া তিন নাবিকের মধ্যে একজন আহত হয়েছেন। স্ট্রাডালে ট্রলার থেকে তাকে হেলিকপ্টারে করে উদ্ধার করে চিকিৎসার জন্য ট্রুরো হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই নাবিককে প্রাথমিক চিকিৎসার জন্য প্লাইমাউথে নিয়ে যাওয়া হয়েছে।
নিখোঁজ নাবিকদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফরাসি নৌ প্রিফেকচার। এমআরসিসি ফালমাউথের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ফরাসি নৌবাহিনীর একটি ‘ফ্যালকন ৫০’ বিমান, যুক্তরাজ্যের দুটি লাইফবোট এবং দুটি ব্রিটিশ বিমান অংশ নিয়েছে।

