ব্রাজিলের পুলিশ মাদক ও অস্ত্র পাচারের একটি বড় তদন্তের অংশ হিসেবে শীর্ষস্থানীয় ফুটবল ক্লাব ভাস্কো দা গামার খেলোয়াড় ডেভিড কোরেয়ার বাড়িতে তল্লাশি চালিয়েছে। সোমবার দেশটির কর্মকর্তাদের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এই তদন্তের আওতায় দ্বিতীয় বিভাগের আরও একজন ফুটবলার রয়েছেন।
৩০ বছর বয়সী ডেভিড কোরেয়া, যিনি ভক্তদের কাছে 'ডিভিডি' নামে পরিচিত এবং দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়, রিও ডি জেনিরোর ট্রেনিং গ্রাউন্ড থেকে কোনো মন্তব্য না করেই চলে যান।
এস্পিরিতো সান্তো রাজ্যের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডের রহস্য উন্মোচন এবং তদন্তাধীন অপরাধী চক্রের কাঠামো ভেঙে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। পুলিশ এই বিশেষ অভিযানের নাম দিয়েছে 'দ্য ট্রুপ', যা মূলত তদন্তাধীন অপরাধী সংগঠনের সদস্যদের দেওয়া নাম।
এদিকে, ভাস্কো দা গামা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা এস্পিরিতো সান্তো রাজ্যের পুলিশের সাথে পূর্ণ সহযোগিতা করছে। উল্লেখ্য, এই রাজ্যটিই ফুটবলার কোরেয়ার জন্মস্থান।
তদন্তের আওতায় থাকা অপর খেলোয়াড় হলেন রাইট-ব্যাক হেইনার করদেইরো। তিনি বর্তমানে দ্বিতীয় বিভাগের ক্লাব ভিলা নোভাতে খেলছেন এবং অতীতে সান্তোস ক্লাবের হয়েও খেলেছেন।

