দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর বুসানের অদূরে বুধবার একটি টাগবোট উল্টে ডুবে যাওয়ার ঘটনায় একজন ক্রু সদস্যের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, ২৮৬ টনের এই টাগবোটটি আটজন ক্রু সদস্য নিয়ে বুধবার সকালে একটি বাণিজ্যিক জাহাজকে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল।
টাগবোটটি উল্টে যাওয়ার পর ইন্দোনেশীয় বংশোদ্ভূত এক ক্রু সদস্যকে ওই বাণিজ্যিক জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়া কোস্টগার্ডের উদ্ধারকারীরা দক্ষিণ কোরিয়ার অপর এক ক্রু সদস্যকে অচেতন অবস্থায় খুঁজে পান। তাকে দ্রুত মূল ভূখণ্ডের একটি হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টাগবোটটি উল্টে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে (০৬৩০ জিএমটি) এটি পুরোপুরি তলিয়ে যায়। তবে নৌকাটি ঠিক কী কারণে উল্টে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বর্তমানে নিখোঁজ ছয়জন ক্রু সদস্যকে উদ্ধারের জন্য কোস্টগার্ড ও নৌবাহিনী জাহাজ, বিমান এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করেছে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং কর্তৃপক্ষকে উদ্ধারকাজে সব ধরনের সম্পদ ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

