লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার মনে করেন, ক্লাবের হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই সেন্ট্রাল মিডফিল্ডের চেয়ে রাইট-ব্যাক পজিশনে খেললে বেশি কার্যকর হতে পারেন। সম্প্রতি 'স্টিক টু ফুটবল' পডকাস্টে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সোবোসলাইকে সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসনের সাথে তুলনা করে ক্যারাঘার বলেন, তার যে গতি ও শক্তি রয়েছে, তা সেন্ট্রাল মিডফিল্ডের চেয়ে রাইট-ব্যাক পজিশনে বেশি কাজে লাগতে পারে।
ক্যারাঘার বলেন, আমি কখনোই বিশ্বাস করি না যে সোবোসলাই একজন সেন্ট্রাল মিডফিল্ড খেলোয়াড়। সে নতুন চুক্তি সই করেছে এবং আমি ধারণা করতে পারি যে আলোচনার সময় সে মিডফিল্ডে খেলার ইচ্ছার কথা জানিয়েছিল। তবে আমি তাকে সেখানে মানানসই মনে করি না। আমার কাছে মিডফিল্ডে সে একজন জর্ডান হেন্ডারসনের মতো—যার প্রচুর রানিং ও এনার্জি রয়েছে এবং গোল করার ক্ষমতা হেন্ডারসনের চেয়ে বেশি। কিন্তু লিভারপুল এখন এভাবে খেলে না এবং সে আসলে কোনো প্রথাগত 'নম্বর ১০' খেলোয়াড়ও নয়।
ক্যারাঘারের মতে, সোবোসলাইয়ের সেরা ভূমিকা হতে পারে রাইট-ব্যাকে। সেখান থেকে সে প্রচুর বল পাবে, দৌড়াতে পারবে এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মতো ভূমিকা পালন করতে পারবে। তবে ক্যারাঘার এটাও স্বীকার করেছেন যে, সপ্তাহে ৩ লাখ ৫০ হাজার পাউন্ডের নতুন চুক্তি সই করা এবং দলের ভাইস-ক্যাপ্টেন হওয়া সোবোসলাই হয়তো নিজে থেকে রাইট-ব্যাকে খেলতে চাইবেন না। কিন্তু লিভারপুলের মিডফিল্ডের বর্তমান সমস্যার কারণে কোচ আন্দোনি ইরাওলাকে ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।
সম্প্রতি নটিংহাম ফরেস্টের বিরুদ্ধে ২-২ ড্র হওয়া ম্যাচে জেরেমি ফ্রিম্পংকে তুলে নেওয়ার পর সোবোসলাই ম্যাচটি রাইট-ব্যাক হিসেবে শেষ করেছিলেন। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বিদায়ের পর থেকে এই পজিশনে লিভারপুলের ঘাটতি থাকায় গত দুই মৌসুমে সোবোসলাইকে বেশ কয়েকবার রাইট-ব্যাকে খেলতে হয়েছে। বায়ার লেভারকুসেন থেকে দলে যোগ দেওয়া ফ্রিম্পং এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, অন্যদিকে কনর ব্র্যাডলির ইনজুরি সমস্যাও সবার জানা।
এদিকে শুক্রবার রাতে নবাগত ইপসউইচ টাউনের মুখোমুখি হতে যাচ্ছে লিভারপুল। টানা দুটি ২-২ ড্র দিয়ে মৌসুম শুরু করা অলরেডরা এই ম্যাচে জয়ের জন্য মরিয়া। তবে এই ম্যাচে পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হবে কোচ ইরাওলাকে। ইনজুরির কারণে ডিফেন্ডার জো গোমেজ এবং কনর ব্র্যাডলি দলের বাইরে রয়েছেন। এছাড়া দীর্ঘমেয়াদী ইনজুরিতে থাকা জিওভান্নি লিওনি ও হুগো একিটিকে এবং ফরোয়ার্ড ফেদেরিকো কিয়েসাও এই ম্যাচে থাকছেন না।
তবে পোর্টম্যান রোডের এই ম্যাচে ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলার অভিষেক হতে পারে বলে নিশ্চিত করেছেন ইরাওলা। ১২৩ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফারের পর গত জুলাইয়ে ফিফা বিশ্বকাপের পর থেকে তিনি কোনো ম্যাচ খেলেননি। তবে সম্প্রতি দলের সাথে অনুশীলন শুরু করায় এই ম্যাচে তার মাঠে নামার জোরালো সম্ভাবনা রয়েছে।

