কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী শহরের জিরো পয়েন্ট এলাকায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
হামলায় শাওন গুরুতর আহত হন। ঘটনার পরপরই তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর পাঠানো হয়। এনসিপি ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু জানিয়েছেন, হামলায় শাওনের নাকের হাড় ফেটে গেছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি, তবে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ফুলবাড়ী উপজেলা ছাত্রদল ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রতিবাদে একটি শোডাউনের আয়োজন করেছিল। একই সময়ে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা এনসিপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ফেরার পথে শহরের জিরো পয়েন্ট এলাকায় এনসিপি কর্মীদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
আযান আহমেদ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করেছেন যে, স্থানীয় ছাত্রদল নেতা হামিদুল, আদম আলী ও বিজয় চন্দ্রের নেতৃত্বে তার ওপর এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তবে তিনি জানতে পেরেছেন যে, এনসিপির মিছিল শেষে ছাত্রদলের কর্মীদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়েছে। তিনি আরও মন্তব্য করেন যে, গণতান্ত্রিক দেশে সবারই রাজনীতি করার অধিকার আছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তারা অতীতে একসঙ্গে রাজপথে রক্ত ঝরিয়েছেন, তাই এমন ঘটনা কাম্য নয়।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

