রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা নয় মাস বয়সি এক শিশু ফাতেমাকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা-পুলিশ। উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর শিশুটি মুমূর্ষু অবস্থায় পড়ে থাকার খবর পায় পুলিশ। খবর পাওয়ার পরপরই উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশু ফাতেমাকে উদ্ধার করে। পরে শিশুটির বাবা আকাশ ও মা ফুলবানুকে সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন ফাতেমার সুচিকিৎসা নিশ্চিত করতে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। শিশুটির প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে। উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানিয়েছে, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও শারীরিক সুস্থতা নিশ্চিত করতে পুলিশ সার্বিকভাবে সহযোগিতা ও তদারকি চালিয়ে যাচ্ছে।

