প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৩৬। চাঁদপুর জেলায় কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রোববার রাতে জেলার ৮টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন মোট ৩৭০ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চাঁদপুর শহরসহ প্রতিটি থানা এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমানের নির্দেশনায় এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
আটককৃতদের বিষয়ে পুলিশ জানিয়েছে, তাদের অতীতের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। এদের মধ্যে মাদক বা অন্যান্য অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাওয়ায় প্রায় ১৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি ৩৫৬ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অভিভাবক ও কিশোরদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া এবং ভবিষ্যতে অপরাধ থেকে দূরে থাকার বিষয়ে সচেতন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

