প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৩৩
কিউবা যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি নয় এবং সার্বভৌম সমতার ভিত্তিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
রদ্রিগেজ স্পষ্ট করেছেন যে, হাভানা যেকোনো ধরনের পূর্বশর্ত কিংবা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ছাড়াই দ্বিপক্ষীয় মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান করতে চায়।
এ সময় মার্কিন অর্থনৈতিক অবরোধের তীব্র সমালোচনা করেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই অবরোধকে ‘সমষ্টিগত শাস্তির একটি পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, কিউবার পরিবারগুলোর ওপর দুর্ভোগ সৃষ্টি করার লক্ষ্যেই এটি পরিকল্পিতভাবে আরোপ করা হয়েছে।
রদ্রিগেজের মতে, ওয়াশিংটনের এই নীতির মূল লক্ষ্য কিউবায় মানবিক সংকট সৃষ্টি করা। তিনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

