ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে এক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাজিব মাঝি (৩১), তিনি চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রাজিব মাঝির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া তার কাছে একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইজগিয়ারও পাওয়া গেছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

