মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত বই পড়ে মেধা যাচাইয়ের একটি প্রতিযোগিতায় আটজন শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়েছে। শনিবার বিজয়ীদের হাতে এই ল্যাপটপগুলো তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে সনদ ও বই উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ। মূল আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।
প্রতিযোগিতার আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতে নেয় ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। এছাড়া প্রতিটি ক্যাটাগরিতে অন্য নয়জন করে শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়। শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উৎসবের তিনটি পর্বে মোট ৩৮টি বই পড়ানো হয়েছে।

