ইকুয়েডরের কুইটো বিমানবন্দর থেকে এক রুশ নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গালাপাগোস দ্বীপপুঞ্জ থেকে অন্তত ৩২টি সামুদ্রিক ইগুয়ানা পাচারের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ওই নারীকে আটক করা হয়।
পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, উদ্ধারকৃত ইগুয়ানাগুলো আটটি প্লাস্টিকের পাত্রে ভরে একটি স্যুটকেসের ভেতরে রাখা ছিল। ওই নারী আইসল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ইকুয়েডরের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার করা ইগুয়ানাগুলো বেশ দুর্বল এবং পানিশূন্যতায় ভুগছে। প্রাণীগুলোকে পশু চিকিৎসকদের একটি দলের তত্ত্বাবধানে একটি সংরক্ষণ কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। তাদের স্বাস্থ্যের উন্নতি না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে।
গ্রেপ্তারকৃত রুশ নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বন্যপ্রাণী পাচারের অভিযোগ আনা হবে। দোষী সাব্যস্ত হলে তাকে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
গালাপাগোস দ্বীপপুঞ্জের সামুদ্রিক ইগুয়ানা একটি স্থানীয় প্রজাতি এবং বর্তমানে এগুলোকে বিপন্ন হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৯ সালে ইউনেস্কো বিশাল জীববৈচিত্র্যের কারণে এই দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছিল। ইকুয়েডর থেকে প্রায় ৬২০ মাইল (১০০০ কিলোমিটার) পশ্চিমে প্রশান্ত মহাসাগরে এই দ্বীপপুঞ্জটি অবস্থিত।

