তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন যে, আঙ্কারা বর্তমানে ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করতে এবং মতপার্থক্য কমিয়ে আনতে কাজ করছে। শুক্রবার ইস্তাম্বুলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'মাওলিদ আল নবী' সপ্তাহের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ঐক্য ও সংহতির মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, মুসলিমরা যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস তৈরি করেছে এবং বিশ্বে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছে, তারা আবারও দেয়ালের ইটের মতো ঐক্যবদ্ধ হবে। মুসলিমদের নিজেদের অধিকার রক্ষায় এবং এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, আমরা বর্তমানে ভালো ও মন্দের মধ্যে এক ঐতিহাসিক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি এবং আশা করি ভালোই শেষ পর্যন্ত জয়ী হবে। তিনি সায়োনিজম বা জায়নবাদকে একটি 'উগ্র, দখলদার ও গণহত্যায় বিশ্বাসী আদর্শ' হিসেবে অভিহিত করে সতর্ক করেন যে, এটি কেবল প্রতিবেশীদের শান্তিই নষ্ট করছে না, বরং মানবাধিকার রক্ষাকারী সবার জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েলের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, বিশ্ব ইসরায়েলের এই 'গণহত্যা নেটওয়ার্কের' আইনহীন কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন যে, ইসরায়েলের এই যুদ্ধোন্মাদ সরকার প্রতিবেশীদের অস্থিতিশীল করে পুরো অঞ্চলকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য উসকানি দিচ্ছে।

