পূর্ব কঙ্গোর বুকাবুতে বৃহস্পতিবার একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। শহরটি নিয়ন্ত্রণকারী বিদ্রোহী প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে এবং পাঁচজন ছেলে শিক্ষার্থী রয়েছে। এছাড়া আরও ২৯ জনকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রতিবেশী প্রশাসক ময়েস লুবালা জানান, অগ্নিকাণ্ডটি প্রথমে একটি বাড়ি থেকে শুরু হয় এবং পরবর্তীতে তা পাশের দুটি বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে বেশ কয়েকজন শিক্ষার্থী আটকা পড়েছিল এবং তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
নিয়ামুলাগিরা বিডিওএম স্বাস্থ্য কেন্দ্রের নার্স সিজা জ্যঁ-ব্যাপটিস্ট জানান, ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় এবং উজামাহ প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে তাদের স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। আক্রান্তের সংখ্যা অনেক বেশি হওয়ায় সঠিক হিসাব রাখা চিকিৎসকদের জন্য কঠিন হয়ে পড়েছিল।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ময়েস লুবালা বলেন, বিদ্যালয়ের বের হওয়ার পথটি অত্যন্ত সরু ছিল। এর ফলে শিক্ষার্থীরা জানালা দিয়ে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করে, আবার অনেকে দরজার দিকে ছুটতে গিয়ে পদদলিত হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে লুবালা জানান, যে এলাকায় আগুন লেগেছে সেটি ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশ ঘরবাড়ি কাঠের তৈরি।
উল্লেখ্য, কঙ্গোর পূর্বাঞ্চলে সরকারের নিয়ন্ত্রণ বেশ দুর্বল। ফেব্রুয়ারি ২০২৫ থেকে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীরা বুকাবুর নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া অঞ্চলটি খনিজ সম্পদে অত্যন্ত সমৃদ্ধ, যা বিশ্ব প্রযুক্তির জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে অঞ্চলটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবের মোকাবিলা করছে, যাতে এখন পর্যন্ত ৬,৮০০ জনের বেশি আক্রান্ত হয়েছে এবং ৩,৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

