চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট খবর মন্ত্রণালয়ের কাছে নেই। তবে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার তা তদন্ত করে দেখবে।
মার্কিন দূতের ঢাকা সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও সুগম করা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক কূটনীতি কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতে চলমান ছাত্র আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকুক সেটাই চায়। ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের জনগণের অবস্থান বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
বাংলাদেশি পাসপোর্টের মানের অবনমন হয়নি বলেও দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, বর্তমানে যেসব দেশে ভিসা সমস্যা দেখা দিচ্ছে, তা মূলত অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টার সঙ্গে সম্পর্কিত। তিনি আরও বলেন, গত সাড়ে চার মাসে সরকার গঠনের পর থেকে সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভিসা সমস্যা নিয়ে স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় গত দুই-তিন সপ্তাহের মধ্যে একাধিকবার বৈঠক করেছে। ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। আমরা সাড়ে ৪ মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আরব আমিরাত, মালয়েশিয়া; এসব দেশগুলোতে ভিসা বন্ধ আছে।’

