ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেস সদস্য জিমি গোমেজের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগ তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এথিক্স কমিটি। দ্বিপক্ষীয় এই কমিটি সোমবার এক বিবৃতিতে জানায়, তারা গোমেজের বিরুদ্ধে এক হাউস কর্মীর সাথে অনৈতিক যৌন সম্পর্কের অভিযোগ খতিয়ে দেখছে।
এথিক্স কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে যে, তদন্ত শুরু হওয়া বা বিষয়টি প্রকাশ্যে আসার মানেই এই নয় যে কোনো আইন বা নিয়ম লঙ্ঘন হয়েছে। কমিটির নিয়ম অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই বিষয়ে আর কোনো পাবলিক মন্তব্য করা হবে না।
এর আগে গত জুনে সিএনএন প্রথম এই তদন্তের খবর প্রকাশ করে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালে গোমেজকে কংগ্রেসের অন্য এক সদস্যের অধীনে কর্মরত একজন তরুণ কর্মীকে চুম্বন করতে দেখা গেছে। সিএনএন জানায়, এই ঘটনার তদন্ত শুরু করার পর এথিক্স কমিটি গোমেজের বিরুদ্ধে আরও কিছু যৌন অসদাচরণের অভিযোগের সন্ধান পায়।
সোমবার এক বিবৃতিতে নিজের ভুল স্বীকার করলেও কোনো আইন বা হাউসের নীতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন জিমি গোমেজ। তিনি বলেন, "কয়েক বছর আগে আমি আমার বৈবাহিক সম্পর্কের বাইরে কিছু ব্যক্তিগত ভুল করেছিলাম। তবে আমার সেই আচরণ পারস্পরিক সম্মতির ভিত্তিতেই ছিল এবং এতে কোনো আইন বা হাউসের এথিক্স নিয়ম লঙ্ঘন হয়নি। কিন্তু তা সত্ত্বেও আমার এই ভুলের কারণে আমার প্রিয়জনরা যে কষ্টের মধ্য দিয়ে গেছেন, তা কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি এবং স্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছি। এই সম্পর্কগুলো মেরামত করতে এবং সততা ও স্বচ্ছতার সাথে এগিয়ে যেতে আমি পেশাদার সহায়তাও নিচ্ছি।"
গোমেজ তার স্ত্রী, পরিবার, বন্ধু এবং নির্বাচনি এলাকার জনগণের কাছে আন্তরিক ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, "আমি আমার স্ত্রীর কাছে গভীরভাবে দুঃখিত। আমার কারণে আমাদের জীবনে যে কষ্ট ও বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তার ত্যাগ ও সমর্থনই আমার কাজ করার মূল শক্তি।" একই সাথে তদন্তে এথিক্স কমিটিকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন এই ডেমোক্র্যাট নেতা। তিনি জানান, কমিটির প্রক্রিয়ার প্রতি তার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে বলে তিনি আত্মবিশ্বাসী।
মার্কিন প্রতিনিধি পরিষদের এথিক্স কমিটির কাছে ফেডারেল আইন এবং হাউসের নিয়ম লঙ্ঘনের তদন্ত করার এবং দোষী সাব্যস্ত হলে শাস্তির সুপারিশ করার ক্ষমতা রয়েছে। সম্প্রতি এই কমিটি যৌন হয়রানির অভিযোগে রিপাবলিকান কংগ্রেস সদস্য চাক এডওয়ার্ডসকে তিরস্কার (সেন্সর) করার সুপারিশ করেছিল, যার পর তিনি পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ান।

