ইয়েমেনি সেনাবাহিনী একটি সূত্রের বরাতে জানিয়েছে যে, ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী দেশটির আল-মাখা (মোখা) বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবারের এই হামলায় শহরের বন্দর এলাকায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া আরও একটি ক্ষেপণাস্ত্র আল-বারাহ মোড়ের দিকে গিয়ে পড়ে।
এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত হুতি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
একই সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় হোদেইদা গভর্নরেটের আল-খাওখাহ এলাকায় অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রগুলো তাইজের পূর্বে হুতিদের নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ছোড়া হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাখা ও এর বন্দর এলাকায় হুতিদের হামলার ঘটনা বেড়েছে। এর আগে আগস্ট মাসেও বন্দরনগরীটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় হতাহতের ঘটনা ঘটেছিল।

