ইতালিয়ান ক্লাব কালিয়ারি আনুষ্ঠানিকভাবে তাদের দলে ভিড়িয়েছে ইন্টার মিলানের তরুণ ফুটবলার ইয়ানিস মাসোলিনকে। ক্লাবটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত ধারে এই আক্রমণাত্মক মিডফিল্ডারকে দলে নিয়েছে তারা। চুক্তির শর্তানুসারে, কালিয়ারির কাছে মাসোলিনকে স্থায়ীভাবে কেনার সুযোগ থাকছে এবং ইন্টারের জন্য থাকছে বাই-ব্যাক অপশন।
ফ্যাব্রিজিও রোমানোর প্রতিবেদন অনুযায়ী, কালিয়ারি যদি মাসোলিনকে স্থায়ীভাবে দলে নিতে চায়, তবে তাদের প্রায় ৭ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। এর আগে চলতি বছরের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে মোদেনা থেকে মাসোলিনকে দলে ভেড়ানোর সময় ইন্টার মিলান বোনাস ও অন্যান্য খরচসহ প্রায় ৮ মিলিয়ন ইউরো ব্যয় করেছিল।
২০২৫-২৬ মৌসুমে সিরি বি-তে ২৮টি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন এবং তিনটি গোল করতে সহায়তা করেছেন এই তরুণ মিডফিল্ডার। কালিয়ারিতে যোগ দেওয়ার মাধ্যমে ২০২৬-২৭ মৌসুমে প্রথমবারের মতো ইতালির শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করবেন তিনি। মাসোলিনের ক্যারিয়ারে এর আগে ফ্রাঙ্কস বোরেইনস এবং ক্লেরমন্ট ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে।

