ইরানের সামরিক সক্ষমতা নিয়ন্ত্রণে গ্রিস, সাইপ্রাস এবং ভারতের সঙ্গে সমন্বয় করে একটি নতুন আঞ্চলিক জোট গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক (অব.) মেজর জেনারেল আমির বারাম। বুধবার রাইখম্যান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হার্জলিয়া সম্মেলনে তিনি এই কৌশলগত পরিকল্পনার কথা তুলে ধরেন।
আমির বারামের মতে, আব্রাহাম অ্যাকর্ডসের অন্তর্ভুক্ত দেশগুলোর মাধ্যমে ইসরাইলকে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ও ভারতের সঙ্গে যুক্ত করা দেশটির বৈশ্বিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ। গত এক দশকে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ইসরাইলের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যা কেবল কূটনৈতিক সম্পর্কে সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।
গ্রিসের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এথেন্স বর্তমানে ইসরাইলি প্রযুক্তির সমন্বয়ে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করছে। গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি জানিয়েছে, সরকার তিন বিলিয়ন ইউরো ব্যয়ে ‘অ্যাকিলিস শিল্ড’ নামক একটি প্রতিরক্ষা ছাতা তৈরির চুক্তির অনুমোদন চাইছে। এই কর্মসূচিতে রাফায়েলের স্পাইডার অল-ইন-ওয়ান, ডেভিডস স্লিং এবং ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের বারাক এমএক্স ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি এই অঞ্চলের প্রতিটি পক্ষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। বারাম মনে করেন, ভারত থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত হয়ে গ্রিস ও সাইপ্রাস পর্যন্ত একটি বৃহত্তর জোট গঠনের অভিন্ন স্বার্থ এখন তৈরি হয়েছে। তিনি ইসরাইলের নেতৃত্বকে এই নতুন কাঠামোর মাধ্যমে প্রস্তুতির আহ্বান জানিয়েছেন, যার কেন্দ্রে থাকবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কৌশলগত মিত্ররা।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে উপসাগরীয় দেশগুলোর মাধ্যমে ইসরাইল ও ভারতকে সংযুক্ত করার এই ‘নতুন মধ্যপ্রাচ্য’ ধারণার পক্ষে কথা বলে আসছেন। তবে ৭ অক্টোবরের সংঘাত এবং বর্তমান ভূ-রাজনৈতিক জটিলতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। রিয়াদ বর্তমানে ফিলিস্তিনিদের সম্পৃক্ততা ও মধ্যপন্থী রাজনীতির ওপর জোর দিচ্ছে, যা বাণিজ্য করিডর পরিকল্পনার বাস্তবায়নকে আরও জটিল করে তুলেছে।
গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি সোমবার জানিয়েছে, ‘গ্রিস ইসরাইলের সঙ্গে একটি বড় ধরনের আকাশ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন নিশ্চিত করার পথে এগোচ্ছে। সরকার পরিকল্পিত ‘অ্যাকিলিস শিল্ড’ প্রতিরক্ষা ছাতার আওতায় ইসরাইলি প্রযুক্তিতে তৈরি ব্যবস্থা কিনতে ৩ বিলিয়ন ইউরোর চুক্তির অনুমোদন চাইছে।’

