মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় উপস্থিত হয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এই দাবি জানান। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ থেকে ২৫০ জন শিক্ষার্থী সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে সিংগাইর থানায় গিয়ে অবস্থান নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটির চালক ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার। ঘটনার পর কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসটির গতিরোধ করেন। এ সময় তিনি ও অজ্ঞাত ৩-৪ জন মিলে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন।
এই হামলায় পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) নামের তিন শিক্ষার্থী এবং হামলা ঠেকাতে গিয়ে বাসচালক মো. সাজ্জাদ হোসেন আহত হন। এছাড়া ছাত্র উদয় চক্রবর্তীসহ মোট ১০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় বাসচালক বাদী হয়ে গত মঙ্গলবার (১১ আগস্ট) একজনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাতনামাসহ মোট ১১-১৩ জনের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা করেন। দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় দায়ের করা এই মামলার প্রধান আসামি কাওসার বর্তমানে পলাতক রয়েছেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উপাচার্যের থানায় উপস্থিত থাকার সময় সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৪আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৬: ৪৬
এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী উপজেলা ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন।

