ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ছেড়ে পালানোর পর বারবার তিনি বলছেন ‘এই আসলাম’। এভাবে তিনি ১৩ বার ফেল করেছেন। তিনি আরও বলেন, আপনি আসুন; যুব সমাজ অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং তারা ফাঁসির রশি নিয়ে প্রস্তুত। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১০ এ ঢাকা মহানগর জামায়াতের আয়োজিত এক জনসভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।
নির্বাচনী এলাকায় গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে এই জনসভার আয়োজন করা হয়। জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার ও সংসদ জুলাই বিপ্লবের ফসল। তাই সরকারকে জুলাই বিপ্লবের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সুচিকিৎসা প্রদান এবং সম্মানজনকভাবে তাদের পুনর্বাসনের দাবি জানান তিনি। শফিকুর রহমান জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়ে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন স্থাপনা ও সড়কের নামকরণ তাদের নামে করার দাবি জানান।
সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচার করেছিলেন। এখন গণভোটের রায়কে অবৈধ বলছে সরকার। যদি গণভোট অবৈধ হয়, তবে সরকার ও সংসদ সবই অবৈধ। সেক্ষেত্রে দেশে কোনো বৈধ সরকার নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি সরকারকে টালবাহানা ছেড়ে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ পাঁচ বছরের জন্য ক্ষমতা বুকিং দিয়েছিল, যা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছিল। কিন্তু আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন এবং এরপরই জুলাই বিপ্লব দেশ ও জাতির মুক্তির পয়গাম নিয়ে আসে। ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান, ঢাকা-১৬ আসনের এমপি কর্নেল (অব.) আব্দুল বাতেন এবং সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান প্রমুখ।

