পিজিএ ট্যুরকে চ্যালেঞ্জ জানাতে শুরু করা পাঁচ বছরের পরীক্ষা-নিরীক্ষার ইতি ঘটিয়ে নিজেদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে সৌদি অর্থায়নে পরিচালিত গলফ লিগ 'এলআইভি গলফ'। প্রয়োজনীয় তহবিলের সংস্থান করতে না পেরে অবশেষে শাটডাউনের পথে হেঁটেছে এ লিগ কর্তৃপক্ষ।
নিউ জার্সির ট্রেন্টনের এক দেউলিয়া আদালতে আইনি প্রতিষ্ঠান গিবসন ডানের আইনজীবী ম্যাথিউ উইলিয়ামস জানান, দেনাদার প্রতিষ্ঠানগুলো আর 'এলআইভি ২.০' পরিকল্পনা নিয়ে এগোচ্ছে না। এর পরিবর্তে ব্যবসার সম্পদ সর্বোচ্চ মূল্যে রূপান্তরের মাধ্যমে কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
২০২২ সালে অভিষেকের পর থেকে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এই উদ্যোগে ৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করে। তবে ২০২৬ সালের এপ্রিলে লিগটি তাদের সমস্ত অর্থায়ন হারায়। অর্থায়ন বন্ধ হওয়ার পরপরই লিগের শীর্ষ তারকাদের মধ্যে দলত্যাগের ধুম পড়ে। ২০২৬ সালের প্রতিটি টুর্নামেন্টের প্রাইজমানি ৩০ মিলিয়ন ডলারে উন্নীত করা সত্ত্বেও সার্জিও গার্সিয়া, লুইস ওস্টহুইজেন, জন রাম এবং টাইরেল হ্যাটনের মতো প্রথম সারির খেলোয়াড়েরা এলআইভি গলফ ছেড়ে যেতে শুরু করেন।
এলআইভি গলফের এই সংক্ষিপ্ত ও ঘটনাবহুল যাত্রার বেশ কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে। ২০২১ সালের অক্টোবরে দুইবারের মেজর গলফ চ্যাম্পিয়ন গ্রেগ নরম্যানকে সিইও হিসেবে ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এলআইভি গলফের যাত্রা শুরু হয়েছিল। ২০২২ সালের ৯ জুন ইংল্যান্ডে সংস্থাটির উদ্বোধনী টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের পিজিএ ট্যুর অনুমোদিত সব ইভেন্ট থেকে বরখাস্তের ঘোষণা দেন পিজিএ কমিশনার জে মোনাহান। স্থগিত হওয়া তারকাদের তালিকায় ছিলেন ফিল মিকেলসন, সার্জিও গার্সিয়া, ডাস্টিন জনসন, লি ওয়েস্টউড এবং ইয়ান পোল্টার। পরবর্তীতে মেজর বিজয়ী ব্রাইসন ডিচ্যাম্বো এবং ব্রুকস কোয়েপকাও এলআইভি গলফে যোগ দেন।
২০২২ সালের ১১ জুন ইংল্যান্ডের হেমেল হেম্পস্টেডের সেন্টুরিয়ন ক্লাবে অনুষ্ঠিত এলআইভি গলফের প্রথম টুর্নামেন্টে জয়ী হন চার্ল শোয়ার্টজেল। এরপর একই বছরের ২ আগস্ট মিকেলসন ও ডিচ্যাম্বোসহ ১১ জন এলআইভি গলফার পিজিএ ট্যুরের দেওয়া নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন। ওই বছরের ২০ ডিসেম্বর মাস্টার্স টুর্নামেন্টের আয়োজক অগাস্টা ন্যাশনাল জানায়, তারা এলআইভি খেলোয়াড়দের তাদের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ দেবে।
২০২৩ সালের ২১ মে স্কটি শেফলারকে দুই স্ট্রোকে হারিয়ে পিজিএ চ্যাম্পিয়নশিপ জেতেন ব্রুকস কোয়েপকা। এর মাধ্যমে প্রথম এলআইভি গলফার হিসেবে কোনো মেজর চ্যাম্পিয়নশিপ জয়ের রেকর্ড গড়েন তিনি। একই বছরের ৬ জুন পিজিএ ট্যুর, ডিপি ওয়ার্ল্ড ট্যুর এবং সৌদি পিআইএফ সম্মিলিত বাণিজ্যিক গলফ স্বার্থ নিশ্চিত করতে একটি ফ্রেমওয়ার্ক চুক্তির ঘোষণা দেয়। ২০২৪ সালে এলআইভি গলফ নিজেকে প্রসারিত করে ১৩টি দল ও ৫৪ জন খেলোয়াড়ে উন্নীত করে।
২০২৫ সালের ১৫ জানুয়ারি গ্রেগ নরম্যানের স্থলাভিষিক্ত হয়ে এলআইভি গলফের নতুন সিইও হন স্কট ও'নিল। এর কিছুদিন পরই, অর্থাৎ ৫ ফেব্রুয়ারি ফক্স স্পোর্টস ও এলআইভি গলফের মধ্যে বহুবছরের সম্প্রচার স্বত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর ৪ নভেম্বর ঘোষণা করা হয়, ২০২৬ সাল থেকে তাদের টুর্নামেন্টগুলো ৫৪ হলের পরিবর্তে ৭২ হলে অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের শুরু থেকেই লিগটির পতন স্পষ্ট হতে থাকে। ৯ জানুয়ারি ব্রুকস কোয়েপকা এলআইভি গলফ ছেড়ে পিজিএ ট্যুরে পুনর্বাহালের আবেদন করেন। এপ্রিলে সৌদি পিআইএফ আনুষ্ঠানিকভাবে জানায়, ২০২৬ মৌসুমের পর তারা এলআইভি গলফে অর্থায়ন বন্ধ করে দেবে। যদিও ৫ আগস্ট সিইও স্কট ও'নিল দাবি করেছিলেন লিগ চালু রাখার জন্য নতুন তহবিল পাওয়া গেছে, কিন্তু পরিস্থিতি শেষ রক্ষা করতে পারেনি।
২০২৬ সালের ২৩ আগস্ট ইন্ডিয়ানার ওয়েস্টফিল্ডে দ্য ক্লাব অব চ্যাথাম হিলসে এলআইভি গলফের সর্বশেষ টুর্নামেন্টে জয় পান মাইকেল লা সাসো। এর পর পরই ৮ সেপ্টেম্বর নিউ জার্সিতে দেউলিয়া আইনের চ্যাপ্টার ১১-এর অধীনে সুরক্ষার আবেদন করে এলআইভি গলফ। অবশেষে ৫ নভেম্বর লিগ কর্তৃপক্ষ জানায়, ২.০ মডেলের জন্য পর্যাপ্ত সমর্থন না থাকায় তারা নতুন চ্যাপ্টার ১১ দেউলিয়া আবেদনের মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে।

