ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার তার সরকারের প্রধান কল্যাণমূলক কর্মসূচি 'বলসা ফামিলিয়া' বা 'ফ্যামিলি গ্রান্ট'-এর সুবিধা ১৫ শতাংশ বাড়ানোর জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডের কয়েক সপ্তাহ আগে এই পদক্ষেপ নিলেন তিনি।
নতুন এই সিদ্ধান্তের ফলে পরিবারপ্রতি মাসিক সর্বনিম্ন ভাতার পরিমাণ ৬০০ রিয়েল থেকে বেড়ে ৬৯১ রিয়েল (১৩৪ ডলার) হবে। সরকারি ডিক্রি অনুযায়ী, ২০২৩ সালের মার্চ মাস থেকে জমে থাকা মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতেই এই অর্থ বাড়ানো হয়েছে।
অক্টোবরের নির্বাচনে ভোটাররা সিদ্ধান্ত নেবেন যে লুলা চতুর্থবারের মতো (অসংলগ্ন মেয়াদে) ক্ষমতায় ফিরবেন কি না, নাকি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোকে নির্বাচিত করবেন। জনমত জরিপে বর্তমানে দুজনই প্রায় সমানে সমান অবস্থানে রয়েছেন।
অর্থমন্ত্রী দারিও দুরিগান বলেছেন, 'বলসা ফামিলিয়া' আমাদের অসহায় পরিবারগুলোর দেখাশোনা এবং দারিদ্র্য থেকে উত্তরণের জন্য আয় নিশ্চিত করার কৌশলের কেন্দ্রে রয়েছে, যাতে তারা খাদ্য নিরাপত্তাহীনতায় না ভোগে। তিনি আরও জানান, এই অতিরিক্ত ব্যয় বিদ্যমান বাজেট বরাদ্দের মধ্যেই সমন্বয় করা হবে এবং এর জন্য নতুন কোনো খরচের প্রয়োজন হবে না।
২০০৩ সালে লুলার প্রথম মেয়াদের শুরুতে এই নগদ অর্থ স্থানান্তর কর্মসূচি চালু করা হয়। নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এই কর্মসূচির শর্ত হিসেবে শিশুদের স্কুলে উপস্থিতি এবং টিকা দেওয়ার মতো স্বাস্থ্যগত প্রয়োজনীয়তা পূরণ করতে হয়।
বলসা ফামিলিয়া নিয়ে দেশে-বিদেশে হাজার হাজার গবেষণায় দারিদ্র্য, অসমতা এবং শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাসের প্রমাণ পাওয়া গেছে। গবেষকরা দেখেছেন যে, এই কর্মসূচির ফলে স্বাস্থ্যসেবার সুযোগ বেড়েছে এবং স্কুলপড়ুয়াদের উপস্থিতিও উন্নত হয়েছে।
এর আগে গত সপ্তাহে লুলা জ্বালানি তেলের দাম কমানোর লক্ষ্যে একটি ডিক্রি ও জরুরি আদেশ জারি করেন। মার্কিন-ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের কাছে এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

