মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শহর ওলেশকিতে কার্যকর হওয়া ছয় দিনের মানবিক যুদ্ধবিরতিকে দুই দেশের সহযোগিতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে তুলে ধরেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের উপস্থিতিতে মেলানিয়া বলেন, ওলেশকিতে এই সাময়িক যুদ্ধবিরতি প্রমাণ করে যে রাজনৈতিক বা সামরিক বিভাজনের চেয়ে সাধারণ মানুষের জীবনের মূল্য অনেক বেশি। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সুবিধার্থে এই সাময়িক বিরতি কার্যকর করা হয়। তিনি বলেন, নিষ্পাপ মানুষের জীবন যুদ্ধের বিভাজনকে ছাপিয়ে যাওয়া উচিত এবং আশা প্রকাশ করেন যে ওলেশকির এই ঘটনা বৃহত্তর শান্তি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগাবে।
মেলানিয়া ট্রাম্প এই চুক্তিকে শান্তির পথে একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে অভিহিত করেন। তিনি উভয় পক্ষকে এই মানবিক সহযোগিতার ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তার মতে, বড় কোনো পরিবর্তনের শুরুটা ছোট কোনো স্ফুলিঙ্গ থেকেই হয়, আর গুরুত্বপূর্ণ হলো সেই শুরুকে অসাধারণ কিছুতে রূপ দেওয়ার সংকল্প। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান যেন ওলেশকিকে যুদ্ধের অন্ধকার পৃথিবীতে আশার প্রতীক হিসেবে দেখা হয়। তিনি আরও বলেন, ওলেশকির এই ঘটনা মানবতার সেরা দিকগুলোকে আলোকিত করতে সক্ষম।
এই আয়োজনের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভূমিকার প্রশংসা করেন মেলানিয়া। তিনি বলেন, তাদের এই সহযোগিতা শান্তি প্রতিষ্ঠার পথে একটি অর্থবহ নজির স্থাপন করেছে। এদিকে পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ মানবিক কার্যক্রমে মেলানিয়া ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ওলেশকির পরিস্থিতি মোকাবিলায় এবং মানবিক সংকট নিরসনে ফার্স্ট লেডির সমন্বয়মূলক ভূমিকা অত্যন্ত জরুরি ছিল। দিমিত্রিয়েভের মতে, মেলানিয়া ট্রাম্প মানবিক সহায়তা প্রদান, রুশ ও ইউক্রেনীয় পরিবারগুলোর পুনর্মিলন এবং চুক্তিগুলোকে বাস্তব রূপ দিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও জানান, ওলেশকির অনেক বাসিন্দা সেখানে থেকে মানবিক সহায়তা গ্রহণ করেছেন, আবার অনেকে স্থানান্তরিত হয়েছেন এবং এই মানবিক সরবরাহ অব্যাহত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের পক্ষ থেকেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। ইউক্রেনের শাসক দল 'সারভেন্ট অফ দ্য পিপল'-এর সংসদীয় নেতা ডেভিড আরাখামিয়া মেলানিয়াকে তার মানবিক প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে বলেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি মেলানিয়াকে নতুন নতুন মিশন খুঁজে বের করতে এবং উত্তেজনা যতটা সম্ভব কমিয়ে আনার আহ্বান জানান। ইউক্রেনে মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট জেলেনস্কি মেলানিয়া ট্রাম্পকে 'অর্ডার অফ প্রিন্সেস ওলগা, ফার্স্ট ক্লাস' পদক প্রদান করেছেন।

