অ্যাঙ্কেল ইনজুরি কাটিয়ে নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের হয়ে মাঠে ফেরেন ওয়াইড রিসিভার এজে ব্রাউন। তবে নিউইয়র্ক জেটের বিপক্ষে দল ২৬-১৯ ব্যবধানে জিতলেও ব্রাউনের প্রত্যাবর্তনটি স্মরণীয় হয়নি। কোয়ার্টারব্যাক ড্রেক মে’র বাড়ানো ১০টি পাসের মধ্যে মাত্র ৩টিতে ক্যাচ ধরে ২৭ গজ তুলতে সক্ষম হন তিনি। এর বাইরে তিনটি ড্রপ এবং ম্যাচের শেষ দিকে একটি ফাম্বলও করেন তিনি। তবে এই হতাশাজনক পারফরম্যান্সের পরও শিষ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন দলটির হেড কোচ মাইক ভ্রাবেল।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ মাইক ভ্রাবেল খোলাখুলিভাবেই ব্রাউনের ব্যর্থতার কথা স্বীকার করেন। তিনি বলেন, "আমার মনে হয় তার আরও কিছু ড্রপ ক্যাচ ধরা উচিত ছিল। সে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। আমি জানি সে দলের জন্য সেরাটা দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এটি তার সেরা চেষ্টা ছিল না।" তবে ব্রাউনের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নিয়ে কোনো সংশয় নেই কোচের। তিনি যোগ করেন, "আমি জানি সে নিজেও বিষয়টি বুঝতে পেরেছে। ওই সুযোগগুলো যাতে সে ভালোভাবে শেষ করতে পারে, সে বিষয়ে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ব্রাউনের প্রতি আমাদের উচ্চ আশা রয়েছে, যেমনটা তার নিজের প্রতিও আছে। তাই আমি নিশ্চিত যে মৌসুমে বাকি সময় সে ঘুরে দাঁড়াবে এবং দলকে সাহায্য করবে।" উল্লেখ্য, অফসিজনে ব্রাউনকে দলে নেওয়ার পেছনে বড় ভূমিকা ছিল ভ্রাবেলের।
গত সেপ্টেম্বরে সিয়াটল সিহক্সের বিপক্ষে প্যাট্রিয়টসের মৌসুম শুরুর প্রথম ম্যাচে হাই-অ্যাঙ্কেল স্প্রেইনে আক্রান্ত হন এজে ব্রাউন। চোটের কারণে তাকে 'ইনজার্ড রিজার্ভ'-এ পাঠানো হয়, যার ফলে তিনি টানা ৪টি ম্যাচে অংশ নিতে পারেননি। প্রায় এক মাস মাঠের বাইরে থাকার পর এই সপ্তাহের শুরুতে অনুশীলনে ফেরেন ব্রাউন। গত শনিবার তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে সক্রিয় করা হয় এবং রোববারে জেটের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে নামেন।
নিজের এই বাজে পারফরম্যান্সের সম্পূর্ণ দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন এজে ব্রাউন নিজেও। চোটকে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ এই তারকা ফুটবলার। তিনি স্পষ্ট জানান, "কোনো অজুহাত নয়… গোড়ালির সমস্যা থাক বা না থাক, ওই বলগুলো আমার ধরা উচিত ছিল।" ট্রেইনিং ক্যাম্পে মে’র সঙ্গে ব্রাউনের দারুণ বোঝাপড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। দীর্ঘদিন পর মাঠে নেমে ছন্দ পেতে সমস্যা হলেও, আক্রমণভাগে ব্রাউনের উপস্থিতি প্যাট্রিয়টসকে বাকি মৌসুমে বড় শক্তি জোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

