ভোলার বোরহানউদ্দিনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মা ইলিশ নিধনের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন-রাত নির্বিশেষে অবাধে ডিমওয়ালা মা ইলিশ শিকার করা হচ্ছে এবং উপজেলার বিভিন্ন মাছঘাটে তা প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে আরও জোরালো ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মৎস্যজীবীরা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মা ইলিশ রক্ষা কর্মসূচির অংশ হিসেবে সরকার গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন নদী ও সাগরে সব ধরনের মাছ ধরা, পরিবহন, মজুত এবং বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখাই এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।
তবে অভিযোগ রয়েছে, সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে বড় মানিকা ইউনিয়নের আলীমুদ্দিন বাংলাবাজার মাছঘাট, সেন্টার বাজার মাছঘাট ও স্বরাজগঞ্জ মাছঘাটসহ নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় অসাধু জেলে ও ব্যবসায়ীরা প্রকাশ্যে ইলিশ বেচাকেনা চালিয়ে যাচ্ছেন।
বোরহানউদ্দিন উপজেলা জাতীয় মৎস্য সমিতির প্রতিনিধি জাহিদ হাসান জামাল ও মো. ফরিদুল আলম অভিযোগ করে বলেন, মেঘনা নদীতে এখন মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা যথেষ্ট নয়। তারা অবিলম্বে জোরালো অভিযান পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে বোরহানউদ্দিন হাকিমুদ্দিন নৌ পুলিশ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণে তাদের নিয়মিত ও কঠোর অভিযান চলমান রয়েছে। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের চেষ্টা চালাচ্ছে, তবে মা ইলিশ রক্ষায় তাদের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৪: ৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৪: ৫৪

