নেপালের ভয়াবহ আকস্মিক বন্যায় ১৭ হাজারের বেশি শিশুর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন হয়ে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। নেপালে ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের চোখের সামনে তাদের জীবন যেন স্রোতে ভেসে গেছে। তিনি উল্লেখ করেন যে, অনেক শিশু এই দুর্যোগে তাদের প্রিয়জন ও জীবন হারিয়েছে।
অ্যালিস আকুঙ্গা আরও সতর্ক করেছেন যে, বন্যা থেকে বেঁচে যাওয়া শিশুরা বর্তমানে রোগ, অপুষ্টি, সহিংসতা এবং শোষণের উচ্চতর ঝুঁকির মুখে রয়েছে। ইউনিসেফ বর্তমানে মাঠপর্যায়ে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে, তবে প্রতিটি ক্ষতিগ্রস্ত শিশুর কাছে পৌঁছানোর জন্য সংস্থাটির জরুরি ভিত্তিতে আরও বেশি সম্পদের প্রয়োজন।
দুর্যোগে ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা নিরূপণ না হওয়া পর্যন্ত প্রাথমিক পর্যায়ের জরুরি ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে ইউনিসেফ ১ কোটি ৭২ লাখ ডলার বা প্রায় ১২৬ লাখ পাউন্ড সহায়তার আবেদন জানিয়েছে। সংস্থাটি স্পষ্টভাবে সতর্ক করেছে যে, প্রয়োজনীয় এই অর্থায়ন না পাওয়া গেলে শিশু ও নারীদের জন্য ইউনিসেফের সেবাগুলো মারাত্মকভাবে সীমিত হয়ে পড়বে।

