নেপালের হিমলুং হিমাল পর্বতে ভয়াবহ তুষারধসের পর নিখোঁজ ১২ জনকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। ৭,১২৬ মিটার উচ্চতার এই পর্বতটি নেপালের উত্তর-কেন্দ্রীয় মানাং জেলায় অবস্থিত। রবিবার তুষারধসের এই ঘটনা ঘটে।
নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন এই উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে। সোমবার উদ্ধারকারীরা আরও দুটি মরদেহ উদ্ধার করেছেন, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এর আগে রবিবার আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ ১২ জনসহ হতাহত সবাই নেপালি নাগরিক। তারা আসন্ন শরৎকালীন পর্বতারোহন মৌসুমের জন্য বিদেশি ক্লায়েন্টদের আগমনের প্রস্তুতি নিচ্ছিলেন।
আবহাওয়ার কিছুটা উন্নতির সুযোগ নিয়ে অ্যাসোসিয়েশনের আটজন অভিজ্ঞ গাইড তুষারস্তূপের নিচে চাপা পড়া বেস ক্যাম্পের তাঁবুগুলো খোঁজার কাজ শুরু করেছেন। রবিবার তুষারধসের পরপরই ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে মরদেহগুলো কাঠমান্ডু বিমানবন্দরে আনা হয়েছে। ভুক্তভোগীদের স্বজনরা হাসপাতালে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
মানং জেলা প্রশাসন জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে ওই এলাকায় ভূমিধস ও বন্যার সৃষ্টি হয়েছে। হিমালয়জুড়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকলেও এই দুর্ঘটনা ঘটে। এদিকে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দেশটির বিভিন্ন স্থানে প্রাকৃতিক দুর্যোগে আরও ২১ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। নেপাল গত আগস্ট মাসে ভয়াবহ বন্যার ধকল কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যাতে প্রায় ১,৪০০ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৬,০০০ মানুষ নিখোঁজ ছিল।

