ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আরব তালিকাভুক্ত দলগুলোকে বাদ দিয়ে একটি বিস্তৃত জোট সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে তার নেতৃত্বাধীন লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসনে জয়ী হওয়ার দাবি করে তিনি এই আহ্বান জানান। সোমবার লিকুদ পার্টির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, তারা তাদের অংশীদার এবং সন্ত্রাসবাদকে সমর্থন করে না এমন যে কোনো দলের সাথে একটি বিস্তৃত সরকার গঠন করতে আগ্রহী।
নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন যে, প্রধানমন্ত্রী হিসেবে তিনিই পরবর্তী সরকার গঠনের নেতৃত্বে থাকা উচিত। তিনি দাবি করেন, ইসরায়েলের ইহুদি জনগণের একটি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ অংশ লিকুদ পার্টিকে বৃহত্তম দল হিসেবে নির্বাচিত করেছে এবং তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই তাদের হাত প্রসারিত ছিল একটি বিস্তৃত জাতীয় সরকার গঠনের জন্য।
নেতানিয়াহুর ভাষ্যমতে, ইসরায়েলের জনগণ এমন কোনো সরকার চায় না যা রাম (Ra'am) এবং জয়েন্ট লিস্টের মতো আরব সংসদীয় দলগুলোর ওপর নির্ভরশীল। এদিকে, সরকার গঠনের দৌড়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের টুগেদার পার্টি, ইয়ার গোলানের ডেমোক্র্যাটস এবং আভিগডোর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে ইয়েশার নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছেন।
এই বিরোধী দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকোট বর্তমানে ৪৮ জন আইনপ্রণেতার সমর্থন পাচ্ছেন। আরব সংসদীয় দলগুলোও তাকে সমর্থন দিলে এই সংখ্যা ৬৭-তে পৌঁছাতে পারে, যা ১২০ সদস্যের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে। গত নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, যেখানে বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন। কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে প্রেসিডেন্ট হারজগের কাছে সুপারিশ মানেই সরকার গঠনের নিশ্চয়তা নয়। এদিকে, লিবারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি আরব দলগুলোর অন্তর্ভুক্ত বা তাদের সমর্থনপুষ্ট কোনো জোটে যোগ দেবেন না। প্রেসিডেন্ট হারজগ বুধবার থেকে সংসদীয় দলগুলোর সাথে দুই দিনের পরামর্শমূলক আলোচনা শুরু করবেন এবং এরপরই সরকার গঠনের জন্য একজন আইনপ্রণেতাকে দায়িত্ব দেবেন।

