নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার করা এই বিপুল পরিমাণ ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুর্গাপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শিমুলতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক হৃদয় দুর্গাপুর শহরের মার্কাসমোড় এলাকার আবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুর থানার ঝানজাইল রাত্রিকালীন চেকপোস্টের দায়িত্ব পালন শেষে উপ-পরিদর্শক (এসআই) মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা থানায় ফিরছিলেন। পথে শিমুলতলী এলাকায় একটি অটোরিকশা নিয়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রতি বোতল ফেনসিডিলের বাজারমূল্য ৪ হাজার টাকা হিসেবে জব্দ করা মাদকের মোট মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম এই আটকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

