ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে পোপ লিও চতুর্দশকে স্বাগত জানাতে জড়ো হয়েছেন কয়েক লাখ মানুষ। শনিবার শহরের প্লেস দে লা কনকর্ড এলাকায় আয়োজিত বিশাল এক উন্মুক্ত প্রার্থনায় অংশ নিতে ভক্তদের এই ঢল নেমেছে। পোপ তার পোপমোবাইলে চড়ে শঁজেলিজে অ্যাভিনিউ দিয়ে এগিয়ে যাওয়ার সময় তাকে দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় জমান হাজারো মানুষ। আর্ক দ্য ত্রিয়োফের নিচ দিয়ে যাওয়ার সময় তিনি ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন এবং চলার পথে বেশ কয়েকজন শিশুকে আশীর্বাদ করেন। এ সময় উপস্থিত জনতা 'লিও, লিও' ধ্বনিতে চারপাশ মুখরিত করে তোলে।
এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের জন্য প্লেস দে লা কনকর্ড এলাকায় একটি অস্থায়ী বেদি নির্মাণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শনিবারের এই আয়োজনে পাঁচ লাখেরও বেশি মানুষ অংশ নেবেন। পোপের চারদিনের ফ্রান্স সফরের অংশ হিসেবে এই প্রার্থনায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত থাকছেন না। ফ্রান্সের রাষ্ট্র ও ধর্মের কঠোর পৃথকীকরণ নীতি বজায় রাখতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর স্ত্রী ব্রিজিত এবং প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু এই প্রার্থনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যাদের মধ্যে মেরিন ল্য পেন, ব্রুনো রেটেইলু, এদুয়ার ফিলিপ এবং গ্যাব্রিয়েল আত্তাল উল্লেখযোগ্য।
এর আগে শনিবার পোপ মেসন বাখিতা সেন্টারে শরণার্থীদের সাথে দেখা করেন এবং যারা অদৃশ্য বা অবহেলিত তাদের মূলধারায় নিয়ে আসার প্রচেষ্টার জন্য এই সংস্থার প্রশংসা করেন। সেখানে তিনি মানুষের মর্যাদা ও শান্তিতে সহাবস্থানের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি, সভ্যতার নির্মাণে নারীদের ভূমিকার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, ফ্রান্স সফরের শুরুর দিকে পোপ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। এলিসি প্রাসাদে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যন্ত্রের স্বর্গের মাঝে আমাদের মানবিকতা যেন হারিয়ে না যায়।
পোপের এই সফর ইউরোপের মানুষের মধ্যে ক্রমবর্ধমান আধ্যাত্মিকতার প্রতিফলন বলে মনে করছে চার্চ কর্তৃপক্ষ। এই সফরের ধারাবাহিকতায় রবিবার পিরেনিজের লোরদেস অভয়ারণ্যে প্রায় দেড় লাখ মানুষ প্রার্থনায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন। সোমবার পোপ উত্তর-পূর্ব ফ্রান্সের মেটজ শহরে যাবেন, যেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা রবার্ট শুম্যান (১৮৮৬-১৯৬৩)-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। রবার্ট শুম্যান ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্যাথলিক এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা, যিনি বর্তমানে বিটিফিকেশন বা ধন্য ঘোষণার প্রক্রিয়ার একজন প্রার্থী। শিকাগোতে ১৯৫৫ সালে জন্মগ্রহণকারী পোপ লিও চতুর্দশের প্রকৃত নাম রবার্ট প্রিভোস্ট। তার দাদী ১৮৯৪ সালে ফ্রান্সের নরম্যান্ডিতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বিয়ের পর তিনি তার মায়ের পদবি প্রিভোস্ট গ্রহণ করেন।

