প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৩১। রাশিয়া থেকে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ), আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তানে ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে নগদ অর্থ বহনের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার এ সংক্রান্ত একটি ডিক্রি প্রকাশ করা হয়েছে।
নতুন ডিক্রি অনুযায়ী, উল্লেখিত দেশগুলোতে ভ্রমণের সময় কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ রুবল বা প্রায় ১২ হাজার ৩০০ ডলার সমপরিমাণ নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন। এই সীমা শুধু ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কোনো কোম্পানি বা স্বতন্ত্র উদ্যোক্তা রাশিয়ার বাইরে নগদ অর্থ নিতে চাইলে তাদের ক্ষেত্রেও অর্থের পরিমাণ নির্বিশেষে একই বিধিনিষেধ কার্যকর হবে।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে এই কড়াকড়ি থেকে ছাড়ের সুযোগ রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি সরকারের নির্ধারিত নির্দিষ্ট বিমানবন্দর ব্যবহার করেন এবং তিনি যে অর্থ সঙ্গে নিচ্ছেন তা নিজের ব্যাংক হিসাব থেকে উত্তোলনের স্বপক্ষে যথাযথ ব্যাংক নথি প্রদর্শন করতে পারেন, তবে তিনি এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন।
এর আগে রাশিয়া থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নগদ অর্থ নেওয়ার সর্বোচ্চ সীমা ছিল ১ লাখ ডলার সমপরিমাণ। এছাড়া বর্তমান বিধিনিষেধের তালিকায় থাকা আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তান আগের নিয়মের আওতাভুক্ত ছিল না।

