রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার গঠিত এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আবদুল মালেককে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মোহাম্মদ আবদুস সাদেক।
এর আগে, গত ২৬ জুলাই রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ আক্তার বিশ্বাসসহ পরিচালনা পর্ষদের ১০ জন সদস্য বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক বরাবর একটি লিখিত আবেদন জমা দেন। ওই আবেদনে বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি আলী আফজাল ও সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাকের বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ ১২টি সুনির্দিষ্ট বিষয়ে অভিযোগ তোলা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩০ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ে একটি শুনানির আয়োজন করেন যুগ্ম সচিব মোস্তফা জামাল হায়দার। শুনানি শেষে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে, রিহ্যাব সভাপতিকে আগামী ১৫ দিনের মধ্যে অভিযোগকারীদের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন যুগ্ম সচিব।
বাণিজ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর গত ১ আগস্ট র্যাডিসন হোটেলে নির্ধারিত এজিএম অনুষ্ঠিত হতে পারেনি। এছাড়া ১২ থেকে ১৫ আগস্টের জন্য নির্ধারিত গ্রীষ্মকালীন আবাসন মেলাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

